সাপাহার প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে নারী ও শিশুসহ ৯ জন নাগরিককে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই আকস্মিক তৎপরতার মুখে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থান সীমান্ত এলাকায় বিএসএফকে পিছু হটতে বাধ্য করে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্র জানায়, বুধবার ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে আদাতলা বিওপির (সীমান্ত ফাঁড়ি) দায়িত্বপূর্ণ এলাকার প্রধান সীমান্ত পিলার ২৪৪/এমপি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের ‘এলেনপুর ক্যাম্পের’ সশস্ত্র সদস্যরা ৯ জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে পুশইনের চেষ্টা চালায়। পুশইনের শিকার হওয়া ওই দলে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন অবুঝ শিশু ছিল।
বিএসএফের এই অবৈধ অনুপ্রবেশ করানোর চেষ্টার খবর পাওয়া মাত্রই আদাতলা বিওপির একটি ক্ষীপ্র টহল দল দ্রুত জিরো লাইনে (সীমান্তের শূন্যরেখা) গিয়ে পজিশন নেয়।
বিজিবি সদস্যরা জিরো লাইনের কাছে অবস্থানরত ওই ৯ ব্যক্তিকে শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে কঠোর বাধা সৃষ্টি করে। সীমান্তের ওপারে বিএসএফ অস্ত্রধারী অবস্থান নিলেও বিজিবির সাহসিকতা ও দৃঢ় অবস্থানের মুখে তাদের পুশইনের পরিকল্পনা ভেস্তে যায়। শেষ পর্যন্ত ওই ৯ জনকে বাংলাদেশের সীমানায় ঢোকাতে না পেরে বিএসএফ সদস্যরা ফিরে যেতে বাধ্য হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যেকোনো মূল্যে দেশের সীমানা সুরক্ষিত রাখতে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।
“সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা হাই-অ্যালার্ট বা প্রস্তুত রয়েছে। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ওই সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা ও নজরদারি বহুগুণ জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।”
বিজিবির এই তড়িৎ ও সাহসী ভূমিকার কারণে সাপাহার সীমান্তের উত্তর পাতাড়ী এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

