“মার্কিন ইতিহাসে প্রথম: ট্রাম্পের ইরান নীতি রুখতে একজোট সিনেট-প্রতিনিধি পরিষদ, পাস হলো ঐতিহাসিক যুদ্ধ বিল”

0
"মার্কিন ইতিহাসে প্রথম: ট্রাম্পের ইরান নীতি রুখতে একজোট সিনেট-প্রতিনিধি পরিষদ, পাস হলো ঐতিহাসিক যুদ্ধ বিল"

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিরুদ্ধে একক সিদ্ধান্তে যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতায় বড় ধাক্কা দিল খোদ দেশটির আইনসভা। ইরানে যেকোনো ধরনের সামরিক অভিযান বা যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি ঐতিহাসিক প্রস্তাব পাস হয়েছে। এই আইন অনুযায়ী, হোয়াইট হাউসকে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে বাধ্যতামূলকভাবে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

সিনেটে বর্তমানে ট্রাম্পের দল রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ অবস্থানে থাকা সত্ত্বেও বিলটি আটকাতে পারেনি হোয়াইট হাউস। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোটাভুটিতে প্রস্তাবটি ৫০-৪৮ ভোটে পাস হয়।

রিপাবলিকান দলের চারজন প্রভাবশালী রক্ষণশীল সিনেটর দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে (দলীয় লাইন ভেঙে) ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। লুইসিয়ানার বিল কাসিডি, আলাস্কার লিসা মুরকোস্কি, মেইনের সুসান কলিন্স এবং কেনটাকির র‍্যান্ড পল। ভোটদান থেকে বিরত ছিলেন কেনটাকির মিচ ম্যাককনেল এবং পেনসিলভেনিয়ার ডেভ ম্যাককরমিক। অন্যদিকে মাত্র একজন বাদে সব ডেমোক্র্যাট সদস্যই প্রস্তাবটির পক্ষে দাঁড়ান।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে এটি মার্কিন প্রতিনিধি পরিষদেও (House of Representatives) বিপুল ভোটে অনুমোদিত হয়েছিল। মার্কিন ইতিহাসে এই প্রথম যুদ্ধসংক্রান্ত কোনো প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষে সফলভাবে পাস হলো।

এই যুদ্ধ সংক্রান্ত প্রস্তাবের মূল লক্ষ্য হলো ইরানের সাথে চলমান বৈরিতা কমিয়ে মার্কিন সশস্ত্র বাহিনীকে যুদ্ধক্ষেত্র থেকে ধাপে ধাপে সরিয়ে নেওয়া।

কংগ্রেসের সবুজ সংকেত ছাড়া ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে কোনো স্থায়ী বা বড় মাত্রার সামরিক শক্তি ব্যবহার করতে পারবে না। তবে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের ওপর ‘আসন্ন কোনো হামলা’ প্রতিরোধের মতো জরুরি আত্মরক্ষার খাতিরে সীমিত সামরিক উপস্থিতি ও ব্যবস্থা বজায় রাখার অনুমতি দেওয়া হয়েছে।

বিলটি পাসের পর ট্রাম্পের ‘ম্যাক্সিমাম প্রেশার’ বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিকে তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তিনি বলেন “বছরের পর বছর ধরে ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপের গল্প শুনিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত এই বিপর্যয়কর যুদ্ধের মাধ্যমে তিনি আমেরিকান জনগণের জন্য কেবল সর্বোচ্চ বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং সর্বোচ্চ ক্ষয়ক্ষতিই বয়ে এনেছেন। ট্রাম্পের এই ঐতিহাসিক ভুলের জন্য জনগণকে চড়া মূল্য দিতে হয়েছে।”

তবে এই প্রস্তাব পাসের তীব্র বিরোধিতা করেছেন ট্রাম্পপন্থী রিপাবলিকানরা। আইডাহোর সিনেটর জেমস রিশের মতে, এটি সুইজারল্যান্ডে ইরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনায় মার্কিন অবস্থানকে দুর্বল করবে। তিনি বলেন, “এর ফলে ইরানিরা টেবিল ছেড়ে উঠে যাবে এবং ভাববে মার্কিন প্রেসিডেন্টের তো ক্ষমতাই নেই।”

বিশ্লেষকদের মতে, কংগ্রেসের উভয় কক্ষে পাস হলেও এটি মূলত একটি প্রতীকী জয় হতে যাচ্ছে। কারণ ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ ‘ভেটো পাওয়ার’ বা একক ক্ষমতা খাটিয়ে এই বিলটি বাতিল করে দেবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব দেখালেও সাধারণ মার্কিনিরা যে তা পছন্দ করছেন না, তার প্রমাণ মিলেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং ইপসোসের সাম্প্রতিক এক জরিপে। মঙ্গলবার প্রকাশিত ওই জরিপে দেখা গেছে, মাত্র ২৪ শতাংশ আমেরিকান ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ বা সামরিক সংঘাতকে যৌক্তিক মনে করছেন; বাকি বিশাল জনগোষ্ঠীই এর বিপক্ষে।