ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা মহিউল উলুম দাখিল মাদ্রাসায় নিয়মনীতির তোয়াক্কা না করে রাতের অন্ধকারেও উড়ছে বাংলাদেশের জাতীয় পতাকা। গত মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতেও মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।
জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলিত রাখার নিয়ম থাকলেও এই মাদ্রাসায় ঘটেছে সম্পূর্ণ উল্টো ঘটনা। রাতের আঁধারে পতাকা ওড়ার বিষয়ে জানতে চাওয়া হলে মাদ্রাসার সুপার মকবুল হোসেন মুকুল নিজের দায় এড়িয়ে কর্মচারীদের ওপর দোষ চাপান। তিনি বলেন “আমি বিকেল চারটা পাঁচ মিনিটের দিকে মাদ্রাসা থেকে বের হয়েছি। পরে যারা ছিল, পিয়ন বা কর্মচারীরা হয়তো জাতীয় পতাকা নামাতে ভুলে গেছে। অসচেতনতা বা ভুলবশত এমন ঘটনা ঘটতে পারে।”
স্থানীয়দের অভিযোগ, শুধু পতাকা অবমাননাই নয়, প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরেই নিয়মনীতি ও শিক্ষার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ক্ষুব্ধ এলাকাবাসী জানান, সর্বশেষ দাখিল পরীক্ষায় এই মাদ্রাসা থেকে অংশ নেওয়া ১৬ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি! পাসের হার শূন্য হওয়া সত্ত্বেও প্রশাসনের কোনো তদারকি না থাকায় ক্ষোভ আরও বেড়েছে।
বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউর ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় জানান নির্ধারিত সময়ের বাইরে জাতীয় পতাকা উত্তোলিত রাখা কোনো নিয়মের মধ্যে পড়ে না। এটি একটি বড় অপরাধ এবং চরম গাফিলতি। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শুধু পতাকার অবমাননাই নয়, প্রতিষ্ঠানটির লাগামহীন অনিয়ম, পাসের হার শূন্য হওয়া এবং পাঠদানের বেহাল দশা দূর করতে মাদ্রাসাটির সার্বিক কার্যক্রম অবিলম্বে সরকারি কঠোর নজরদারিতে আনার দাবি জানিয়েছেন চাটমোহরবাসী।

