দালালমুক্ত বাজারে টাটকা অর্গানিক পণ্যের মেলা: ঠাকুরগাঁওয়ে ‘কৃষক বাজার’ ঘিরে ক্রেতা-বিক্রেতাদের মুখে হাসি!

0
দালালমুক্ত বাজারে টাটকা অর্গানিক পণ্যের মেলা: ঠাকুরগাঁওয়ে ‘কৃষক বাজার’ ঘিরে ক্রেতা-বিক্রেতাদের মুখে হাসি!

ঠাকুরগাঁও প্রতিনিধি: মাঝখানে নেই কোনো পাইকার বা ফড়িয়া, নেই অতিরিক্ত মুনাফা লোটার সিন্ডিকেট। সরাসরি কৃষকের খেত থেকে তোলা বিষমুক্ত টাটকা সবজি ও ফলমূল পৌঁছে যাচ্ছে ভোক্তার হাতে। ঠাকুরগাঁওয়ে কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি যোগসূত্র তৈরি করতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী ‘কৃষক বাজার’। বিষমুক্ত নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতেই এই অভিনব উদ্যোগ।

বুধবার (২৪ জুন, ২০২৬) সকালে ঠাকুরগাঁওয়ের আরাজি চন্ডিপুর গ্রামে এই ব্যতিক্রমী বাজারের শুভ উদ্বোধন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও (ESDO)-এর বাস্তবায়নে এই বাজারটি জমে ওঠে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রচলিত বাজারের মতো এখানে কোনো চড়া দাম বা দালালের দৌরাত্ম্য নেই। সম্পূর্ণ অর্গানিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষ করা ফসলের পশরা সাজিয়ে বসেছেন প্রান্তিক চাষিরা।

কৃষকরা তাদের নিজেদের খেতে উৎপাদিত সম্পূর্ণ রাসায়নিক ও কীটনাশক মুক্ত পণ্যের এক বিশাল সমাহার নিয়ে আসেন। বাজারে মিলছে খেত থেকে সদ্য তোলা বিষমুক্ত হরেক রকমের সবজি। খামারিদের নিজস্ব গরুর খাঁটি দুধ। রাসায়নিকমুক্ত পুকুরের জ্যান্ত মাছ। ফরমালিনমুক্ত আম, কাঁঠাল, কলা। নিজস্ব বরজের সুস্বাদু পানসহ নানা নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য।

সরাসরি কৃষকের কাছ থেকে কিনতে পারায় বাজারের সাধারণ দামের চেয়ে ক্রেতারা বেশ সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারছেন। একজন ক্রেতা জানান, *”বাজারে এখন সব কিছুতেই ভেজাল আর সিন্ডিকেটের গরম। এখানে এসে সরাসরি কৃষকের কাছ থেকে বিষমুক্ত টাটকা সবজি কম দামে কিনতে পেরে খুব ভালো লাগছে।”

অন্যদিকে, ফসলের পুরো লাভ সরাসরি নিজেদের পকেটে আসায় উল্লাসিত কৃষকেরাও। আয়োজকরা জানান, এই বাজারের মূল লক্ষ্যই হলো মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভেঙে সরাসরি উৎপাদক ও ভোক্তার মধ্যে একটি টেকসই ও স্থায়ী সম্পর্ক তৈরি করা।

বাজার পরিদর্শনে এসে কৃষি কর্মকর্তারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নিরাপদ খাদ্য আন্দোলনে এটি একটি মাইলফলক বলে অভিহিত করেন। দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন নিহার রঞ্জন রায় , অতিরিক্ত কৃষি অফিসার (ডিএই)। মোহাম্মদ রইস উদ্দিন সাজু , প্রধান শিক্ষক, পূর্ব আরাজি চন্ডিপুর উচ্চ বিদ্যালয় এবং সভাপতি রোকন উদ্দিন। মোহাম্মদ জজ মিয়া, সভাপতি, বাজার কমিটি। কৃষিবিদ বাবুল বনিক, হেড অফ প্রোগ্রাম (এগ্রিকালচার)। এছাড়া ইএসডিও’র প্রকল্প কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কৃষক ও ভোক্তার কল্যাণে এমন ‘কৃষক বাজার’ যেন নিয়মিত আয়োজন করা হয়—এমনটাই দাবি স্থানীয় সচেতন মহলের।