রাণীনগর প্রতিনিধিঃ আবহমান বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য স্মারক মৃৎশিল্প। প্রাচীনকাল থেকেই বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ‘পাল’ বা ‘কুম্ভকার’ বংশের মানুষরা মাটির মায়ায় পরম মমতায় তৈরি করে আসছেন তৈজসপত্র ও খেলনা সামগ্রী।
কিন্তু কালের বিবর্তন, আধুনিকতার ছোঁয়া এবং প্লাস্টিক-অ্যালুমিনিয়ামের বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়ে আজ অস্তিত্ব সংকটে ভুগছে এই প্রাচীন শিল্প। নওগাঁ জেলার ছোট যমুনা নদীর তীরবর্তী ভবানীপুর পালপাড়া যেন শিল্পীর তুলিতে আঁকা এক স্বর্ণালী ছবি। আত্রাই উপজেলার ভবানীপুর, রাইপুর, মিরাপুর, নন্দোনালী, সাহেবগঞ্জ, পাঁচুপুরসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য মৃৎশিল্পীর নয়নাভিরাম বাসস্থান। একসময় যেখানে দিন-রাত মাটি ছানার শব্দ আর চাকার ঘূর্ণনে মুখরিত থাকত কুমারপাড়া, সেখানে আজ ভর করেছে নিস্তব্ধতা আর বিষাদের ছায়া। আনন্দের বদলে এখন প্রতিটি ঘরে ঘরে কেবলই টিকে থাকার নিষ্ঠুর সংগ্রাম।
একসময় মেলা কিংবা উৎসবের প্রধান আকর্ষণ ছিল মাটির তৈরি রঙিন হাতি, ঘোড়া, গরু, হাঁড়িপাতিল কিংবা নান্দনিক ফুলের টব, যা শিশুদের শৈশবকে রাঙিয়ে তুলত। কিন্তু আধুনিক যুগের প্লাস্টিক ও মেলামাইন সামগ্রীর দাপটে সেই মাটির খেলনা আজ বিলুপ্তপ্রায়। শিশুদের মুখে হাসি ফোটানো সেই কুমারদের হাতগুলো এখন বেঁচে থাকার তাগিদে অন্য পেশার সন্ধানে ব্যস্ত।
সরেজমিনে আত্রাই উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, প্রাচীনকাল থেকে ধর্মীয় ও আর্থ-সামাজিক কারণে এই পেশা পাল সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তী সময়ে অন্য সম্প্রদায়ের লোকেরাও একে পেশা হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু বর্তমান বাজারে মাটির পণ্যের চাহিদা তলানিতে ঠেকেছে। এর স্থান দখল করে নিয়েছে দস্তা, অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের সস্তা ও টেকসই তৈজসপত্র। ফলে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এখন আর আগের মতো মাটির হাঁড়িপাতিল চোখে পড়ে না। ক্রেতা না থাকায় বিক্রেতারাও মাটির জিনিসপত্র তুলতে আগ্রহ হারাচ্ছেন। বাধ্য হয়ে অনেক পুরোনো ও দক্ষ কারিগর এই পৈতৃক পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন।
ভবানীপুর পালপাড়া গ্রামের মৃৎশিল্পী আনন্দোপাল তাঁর দুঃখ প্রকাশ করে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নদী-খাল ভরাট হয়ে গেছে। আগে সহজেই নদী থেকে ভালো মাটি পাওয়া যেত, এখন দূর থেকে মাটি কিনে আনতে অনেক খরচ পড়ে। তার ওপর আবার চুল্লির জ্বালানির (খড়, কাঠ) দাম আকাশচুম্বী। উৎপাদন খরচের সাথে বিক্রির দামের কোনো মিল নেই। প্রতিনিয়ত আমাদের লোকসান গুনতে হচ্ছে।
মৃৎশিল্পের এই সংকটজনক অবস্থা নিয়ে স্থানীয় সমাজকর্মী ও সাংবাদিক এমরান মাহমুদ প্রত্যয় বলেন, “মৃৎশিল্প আমাদের জাতীয় ঐতিহ্য। সরকার কৃষি ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের ঋণসুবিধা প্রদান করছে। পাশাপাশি বিভিন্ন এনজিও-ও কাজ করছে। দেশের ঐতিহ্যবাহী এই শিল্প বেঁচে থাকুক—সেটা সরকারও চায়, তবে এর সঠিক বাস্তবায়ন ও তদারকি প্রয়োজন।” অন্যদিকে, শাহাগোলা ইউনিয়নের চেয়ারম্যান এস এম মামুনুর রশিদ বলেন, “এখন আর শুধু ঐতিহ্যবাহী পণ্য দিয়ে টিকে থাকা সম্ভব নয়। আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে মৃৎশিল্পীদের সমোপযোগী ও দৃষ্টিনন্দন জিনিসপত্র তৈরিতে দক্ষ করতে হবে। একই সাথে দেশের পাশাপাশি বিদেশেও এই পরিবেশবান্ধব মাটির পণ্যের বাজার সৃষ্টিতে জরুরি সরকারি পদক্ষেপ প্রয়োজন।”
শত অভাব-অনটন, দুঃখ-কষ্টের মাঝেও আত্রাইয়ের কুমাররা এখনো স্বপ্ন দেখেন। তাঁরা বিশ্বাস করেন, পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক বর্জন করে মানুষ একদিন আবারও মাটির তৈরি চিরন্তন পণ্যের দিকে ফিরে আসবে। সেদিন হয়তো আবারও তাদের ভাঙা ঘরে সুখ-শান্তি ফিরবে। আর সেই সুদিনের আশায় আজও দিন-রাত কাদামাটি মেখে হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন এই অঞ্চলের অবহেলিত শিল্পীরা। সংশ্লিষ্ট মহলের মতে, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে অবিলম্বে সরকারি বিশেষ পৃষ্ঠপোষকতা ও বাজারজাতকরণ সুবিধা দেওয়া জরুরি।

