বেইজিংয়ে তারেক-লি কিয়াং মেগা বৈঠক: ২ চুক্তি ও ১৩ সমঝোতায় বদলে যাচ্ছে ঢাকা-বেইজিং সম্পর্কের সমীকরণ!

0
বেইজিংয়ে তারেক-লি কিয়াং মেগা বৈঠক: ২ চুক্তি ও ১৩ সমঝোতায় বদলে যাচ্ছে ঢাকা-বেইজিং সম্পর্কের সমীকরণ!

কূটনৈতিক প্রতিবেদকঃ চীন সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব পিপলে’ উন্মোচিত হলো ঢাকা-বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে অনুষ্ঠিত হওয়া এই হাই-প্রোফাইল বৈঠকে অর্থনৈতিক, কৌশলগত এবং রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়েছে। দুই শীর্ষ নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে ২টি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

এর আগে বিকেলে দুই দেশের প্রধানমন্ত্রীর এই দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বৈঠকে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।

বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে দ্বিপাক্ষিক এই অর্জনের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এই বৈঠক মূলত বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করা এবং রপ্তানি বাড়ানোর ওপর কেন্দ্র করে হয়েছে:

কমছে ঋণের সুদ ও বাড়ছে গ্রেস পিরিয়ড: বাংলাদেশ ও চীনের মধ্যকার কনসেশনাল লোন বা সহজ শর্তের ঋণের ক্ষেত্রে সুদের হার (Interest rate) কমানো এবং ঋণ পরিশোধ শুরু করার সময়কাল (Grace period) বাড়ানোর ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

গ্রিন ডেভেলপমেন্ট ও যৌথ অ্যাকশন প্ল্যান: পরিবেশবান্ধব বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের জন্য ‘গ্রিন ডেভেলপমেন্ট’ প্রমোট করার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি ‘জয়েন্ট অ্যাকশন প্ল্যান’ (যৌথ কর্মপরিকল্পনা) নিয়ে বড় চুক্তি হয়েছে।

চীনের বাজারে বাংলাদেশি কাঁঠাল: বাংলাদেশ থেকে চীনের বিশাল বাজারে জাতীয় ফল কাঁঠাল রপ্তানির পথ সুগম করতে একটি বিশেষ এমওইউ সই হয়েছে, যা কৃষি অর্থনীতিতে নতুন গতি আনবে।

শিক্ষা ও স্বাস্থ্যে GDI-এর বড় বিনিয়োগ: চীনের ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ (GDI)-এর অধীনে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা ও সামগ্রিক ম্যানপাওয়ার ক্যাপাসিটি (জনশক্তি সক্ষমতা) উন্নয়নের লক্ষ্যে এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য আলাদা আলাদা কো-অপারেশন প্ল্যান সাইন করা হয়েছে।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা এই গুরুত্বপূর্ণ চুক্তিগুলোতে সই করেন।

এদিকে সরকারি এই বৈঠকের ঠিক আগেই বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাইয়ে’ তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক সংযোগ। চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টি (CPC) এবং বাংলাদেশের ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মন্ত্রী লুই হাইজিং (Liu Haixing) এই ঐতিহাসিক দলীয় সমঝোতায় সই করেন।

চীনা কমিউনিস্ট পার্টির নেতা লুই হাইজিং জানান, এই সমঝোতার ফলে দুই দলের মধ্যে যোগাযোগ ও কৌশলগত সহযোগিতা আরও দৃঢ় হবে। বিশেষ করে গণমাধ্যম, থিংক ট্যাংক, দুই দেশের জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ (People-to-people contact) এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার নতুন ক্ষেত্র তৈরি হবে।

বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফর শুধু অর্থনৈতিকভাবে সহজ শর্তে ঋণ বা বাণিজ্য ঘাটতি কমানোর পথ তৈরি করেনি; বরং বেইজিংয়ের সাথে রাজনৈতিক ও কূটনৈতিক আস্থার সম্পর্ককে এক নজিরবিহীন উচ্চতায় নিয়ে গেছে।