বারিধারা থেকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

0
বারিধারা থেকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদকঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগ ও চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার সকালে বারিধারা এলাকায় অভিযান চালানো হয়। অভিযান শেষে সাঈদ খোকনকে আটক করে গুলশান থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর নথিপত্র পর্যালোচনা শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।