বেইজিংয়ে শি জিনপিং-তারেক রহমান শীর্ষ বৈঠক: ঢাকা-বেইজিং সম্পর্কে নতুন দিগন্ত

0
বেইজিংয়ে শি জিনপিং-তারেক রহমান শীর্ষ বৈঠক: ঢাকা-বেইজিং সম্পর্কে নতুন দিগন্ত

কূটনৈতিক প্রতিবেদকঃ গণচীন সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন। চীনের স্থানীয় সময় আজ সকাল ১০টায় এই বৈঠকটি শুরু হয়। দুই শীর্ষ নেতার এই দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুদূরপ্রসারী করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে, আজ সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রতিনিধিদলের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের নেতৃত্বে এই ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বা ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ (জিডিআই)-তে যুক্ত হয়েছে। এছাড়া, দুই দেশের সরকারের পাশাপাশি রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ বাড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের বিনিয়োগ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

চীনে অবস্থানকালে বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহী, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা), চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়িং ও সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ ও দলীয় পর্যায়ে বৈঠক করেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে ৪ দিনের এই সরকারি সফরে প্রধানমন্ত্রী বেইজিংয়ে অবস্থান করছেন। মিতব্যয়িতা বজায় রেখে মালয়েশিয়া ও সামার দাভোসের মতো এই সফরেও তিনি মাত্র ২৫ সদস্যের একটি ছোট প্রতিনিধিদল নিয়ে সফর করছেন, যার মধ্যে ১১ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা রয়েছেন। বেইজিংয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনাসহ সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তারেক রহমান তাঁর প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেন। পরে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘সামার দাভোস ২০২৬’-এ অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান এবং সেখানে দুই দিনের কর্মসূচি শেষে বুধবার বিকেলে বেইজিং পৌঁছান।

আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।