বরিশাল ব্যুরোঃ বরিশাল নগরীতে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে এক কলেজছাত্রের আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রেমিকাকে ভিডিও কলে সচল রেখেই ঘরের ফ্যানের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন ওই তরুণ।
বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকার সোনামদ্দিন সড়কের ‘রাগ’ বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম এবায়দুল ইসলাম রাইয়ান (২২)। তিনি ওই এলাকার প্রয়াত মাহবুব রহমান সিকদারের ছেলে এবং বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি মায়ের সঙ্গেই ওই বাড়িতে থাকতেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাইয়ানের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তবে সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিহতের চাচা বাবুল খাঁ জানান, গত চার-পাঁচ দিন ধরে রাইয়ানের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন ওই প্রেমিকা। এতে মানসিকভাবে ভেঙে পড়েন রাইয়ান।
বুধবার রাতে রাইয়ানের মা অসুস্থতার কারণে ওষুধ খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। এই সুযোগে বৃহস্পতিবার গভীর রাতে রাইয়ান তাঁর প্রেমিকার সঙ্গে ভিডিও কলে যুক্ত হন। মান-অভিমান ও কথাকাটাকাটির একপর্যায়ে প্রেমিকার সামনেই রাত ৩টার দিকে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস লাগান তিনি।
রাইয়ান যখন গলায় ফাঁস নিচ্ছিলেন, তখন ভিডিও কলের ওপাশে থাকা প্রেমিকা আতঙ্কিত হয়ে বিষয়টি তাদের সাধারণ বন্ধুদের জানান। খবর পেয়ে বন্ধুরা দ্রুত রাইয়ানের বাসায় ছুটে যান। তারা দরজায় দীর্ঘক্ষণ ধাক্কাধাক্কি ও ডাকাডাকি করলেও রাইয়ানের মা গভীর ঘুমে থাকায় তাৎক্ষণিকভাবে ঘরের দরজা খুলতে পারেননি।
পরবর্তীতে রাত পৌনে ৪টার দিকে রাইয়ানের মা সজাগ হয়ে দরজা খুললে বন্ধুরা ঘরের ভেতরে প্রবেশ করে রাইয়ানকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেন। দ্রুত মোটরসাইকেলে করে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাইয়ানকে মৃত ঘোষণা করেন। মুহূর্তের মধ্যে হাসপাতাল প্রাঙ্গণে বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে হাসপাতাল মর্গ থেকে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
থানা পুলিশ আরও জানায়, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় আপাতত একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া গেলে ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

