পীরগাছায় নুসরাত হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

0
পীরগাছায় নুসরাত হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

পীরগাছা প্রতিনিধি: রংপুরের পীরগাছায় নুসরাত জাহান নুপুর (২০) হত্যাকা-ের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে উপজেলার সতন্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সতন্তরা এলাকার মৃত নূর নবী মিয়ার ছেলে খালিদ হাসান মিলু (২৫) এবং তার স্ত্রী দিলরুবা আক্তার দিসা (২২)।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোস্তফা কামালসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি ২৬, নুসরাত জাহান নুপুরের মৃত্যুর ঘটনায় তার ভাই আল আমিন সরকার পীরগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পরবর্তীতে ময়নাতদন্তের প্রতিবেদনে এটি আত্মহত্যা নয়, বরং হত্যাকা- বলে উল্লেখ করা হলে মামলার মোড় ঘুরে যায়।

এরপর নুসরাতের স্বামী আহাদ মিয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে পীরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২৮,তারিখ ২৬ জুন ২৬।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান “ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়ার পরপরই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। তথ্য-প্রমাণের ভিত্তিতে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”