গাজীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবিতে মানববন্ধন

0
গাজীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবিতে মানববন্ধন

সুমন গাজী: গাজীপুর সদর উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনসহ সকল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকালে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় রমজান আলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে গাজীপুর জেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের আয়োজনে এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন রিজভী, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এমদাদুল হক মুসুল্লি, আহ্বায়ক সদস্য বাতেন বিএসসি, সদস্য জাহাঙ্গীর সিকদার, কাওছার আহমেদ মোল্লা, উপজেলা যুবদল নেতা শরিফুল বাশার স্বজল, জেলা ছাত্র দলের সভাপতি ( ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম খোকন,গাজীপুর সদর জাসাস এর আহ্বায়ক মুকুল মিয়া,গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন, গাজীপুর সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের পেশা জীবী বিভাগের সভাপতি হারুনুর রশিদ, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমিন, সাংবাদিক নেতা জসিম উদ্দিন, ফরিদুল ইসলাম, মাহবুবুল আলম,ওবায়দুল ইসলামসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন ঘোষণার পরে নতুন করে ভাওয়ালগড়, পিরুজালী, মির্জাপুর ও বাড়িয়া ইউনিয়ন নিয়ে গাজীপুর সদর উপজেলা পরিষদ গঠিত হয়। আয়তনের দিক থেকে ছোট হলেও শিল্পায়নের কারণে এই উপজেলায় বাড়তি লোকের বসবাস রয়েছে। উপজেলা গঠনের পরেও এই এলাকার মানুষ নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কারন, নেই কোন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালই একমাত্র ভরসা।

বক্তারা আরও বলেন,গাজীপুর সদর উপজেলার প্রশাসনিক সকল কার্যক্রম চলছে সিটি কর্পোরেশনের পুরনো অফিস থেকে। যেখানে সরকারি সুযোগ সুবিধা পেতে পোহাতে হয় ভোগান্তি। আমরা এই ভোগান্তির অবসান চাই। আমাদের দাবী নিজ উপজেলায় প্রসাশনিক ভবনসহ ৫০ শয্যা বিশিষ্ট একটি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের জোর দাবি জানাচ্ছি।