বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর গুলশান এলাকা থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৭ জুন) রাতে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিজাত এই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে গুলশান থেকে আটক করার পর আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত নুর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তখন থেকেই তিনি আইন প্রয়োগকারী সংস্থার নজরদারিতে ছিলেন বলে জানা গেছে।
নুর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হয়েছিলেন।
ডিবি প্রধান জানান, নুর মোহাম্মদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও আদালতের নির্দেশনার আলোকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হবে।
সাবেক এই এমপির আকস্মিক আটকে জামালপুর ও ঢাকার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে নতুন কোনো মামলা দায়ের করা হবে কি না, তা নিয়ে ডিবি পুলিশ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

