কিশোরগঞ্জ প্রতিনিধিঃ দেশ-বিদেশের লাখো মানুষের ভক্তি আর বিশ্বাসের অন্যতম কেন্দ্রস্থল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো দীর্ঘ ৬ মাস পর আবার খোলা হয়েছে। আজ শনিবার (২৭ জুন) সকাল ৭টা ১৮ মিনিটে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এবার দানবাক্সগুলো থেকে একে একে বেরিয়ে এসেছে রেকর্ডসংখ্যক ৪৩ বস্তা টাকা!
টাকার পাহাড়ের পাশাপাশি দানবাক্সে জমা পড়েছে বিপুল পরিমাণ সোনা-রুপার অলঙ্কার এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা। শেষ খবর পাওয়া পর্যন্ত রূপালী ব্যাংকের কর্মকর্তা ও মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় সাড়ে চারশত মানুষের যৌথ প্রচেষ্টায় চলছে এই বিশাল অর্থ গণনার কর্মযজ্ঞ। দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রাথমিক গণনায় ১০ কোটি টাকা ব্যাংকে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, গণনা শেষে এবার দানের অংক পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
পাগলা মসজিদের দানবাক্স সাধারণত প্রতি ৩ মাস পর পর খোলা হলেও এবার বিশেষ প্রশাসনিক কারণে ৬ মাস পর খোলা হলো। অতিরিক্ত সময় ও দানের প্রবাহ বৃদ্ধির কথা বিবেচনায় রেখে এবার দানবাক্সের সংখ্যা বাড়িয়ে ১৩টি করা হয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান জানান, এই বিপুল পরিমাণ অর্থ গণনা ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে ৪০ জন পুলিশ, ১০ জন র্যাব এবং ২০ জন আনসার সদস্যের সমন্বয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। পুরো প্রক্রিয়াটি তদারকি করছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে গঠিত ৭ সদস্যের একটি বিশেষ উপকমিটি।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, বর্তমানে পাগলা মসজিদের মূল তহবিলের মোট স্থিতি ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২ টাকা। প্রযুক্তির ছোঁয়ায় মসজিদের নিজস্ব ওয়েবসাইটের বাংলা সংস্করণও চালু করা হয়েছে, যার মাধ্যমে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে এখন অনলাইনে অনুদান পাঠানো যায়। ডিজিটাল মাধ্যমে ইতিমধ্যে প্রায় ২৪ লাখ ৭৭ হাজার টাকা জমা পড়েছে।
তিনি আরও জানান, এই তহবিলের অর্থ কেবল মসজিদের রক্ষণাবেক্ষণেই নয়, বরং বড় ধরনের সামাজিক ও মানবিক খাতে ব্যয় হয় কমপ্লেক্সের মাদ্রাসায় চিকিৎসাধীন ও অধ্যয়নরত ১৩০ জন অসহায় ও এতিম শিক্ষার্থীর সম্পূর্ণ ব্যয়ভার বহন। শিক্ষক, কর্মচারী ও আনসার সদস্যসহ প্রায় অর্ধশত কর্মীর বেতন-ভাতা প্রদান। জেলার দুস্থ ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা।
প্রায় ৩০০ বছরের পুরনো নরসুন্দা নদীর তীরের এই পুণ্যভূমিতে এবার নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের আধুনিক ইসলামিক কমপ্লেক্স। ১১৫ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এই ৬ তলা কমপ্লেক্সের নকশা প্রণয়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। এখানে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন, যার মধ্যে ৫ হাজার নারীর জন্য থাকবে সম্পূর্ণ পৃথক ও সুপরিসর ব্যবস্থা। এই প্রকল্পের জন্য ইতিমধ্যে নতুন করে ৫৩.৭৭ শতাংশ জমিও কেনা হয়েছে।
১১৫ কোটি টাকার এই মেগা প্রজেক্ট বাস্তবায়নের আগে শহরের ট্রাফিক ও প্রবেশপথের আধুনিকায়নের দাবি তুলেছেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, ৩৫ হাজার মুসল্লির সমাগম সামলাতে হলে শহরের গাইটাল বটতলা থেকে বিশ্বরোড এবং পাগলা মসজিদ থেকে হারুয়া চৌরাস্তা হয়ে আখড়াবাজার পর্যন্ত সড়কগুলোকে চার লেনে উন্নীত করা জরুরি। প্রবেশ ও প্রস্থানের সঠিক মাস্টারপ্ল্যান না থাকলে প্রকল্প চালুর পর চারপাশের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতে পারে।
ইতিহাস অনুযায়ী, মসনদে আলা ঈশা খাঁর বংশধর দেওয়ান জিলকদর খান (যিনি পাগলা বিবি নামেও পরিচিত ছিলেন) নরসুন্দা নদীর মাঝখানের এই টিলায় ইবাদত করতেন। পরবর্তীতে সেখানে একটি টিনের ঘর থেকে আজকের এই ঐতিহাসিক মসজিদের উৎপত্তি। যুগ যুগ ধরে সাধারণ মানুষের মনে গভীর বিশ্বাস রয়েছে যে, এখানে মানত করলে বা দান করলে মনের আশা পূরণ হয়। সেই অটল বিশ্বাস থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিদিন হাজারো মানুষ নগদ টাকা, সোনা-দানা, এমনকি গবাদিপশু ও ফলমূল নিয়ে ছুটে আসেন ঐতিহাসিক এই পাগলা মসজিদে।

