
আদালত প্রতিবেদকঃ আজ এক ঐতিহাসিক ও যুগান্তকারী রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় ছাত্র-জনতার ওপর চালানো নৃশংস গণহত্যার দায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একই মামলায় অপরাধের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার মাত্রা বিবেচনা করে অন্য দুই পুলিশ কর্মকর্তার একজনকে যাবজ্জীবন এবং অপরজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। আদালতে উপস্থিত একমাত্র আসামি ছিলেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার, যাকে রায়ের পরপরই কঠোর নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়। বাকি চার আসামি এখনো পলাতক রয়েছেন।
ট্রাইব্যুনালের রায়ে তৎকালীন চেইন অব কমান্ডের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে মাঠপর্যায়ের বাস্তবায়নকারী পুলিশ সদস্যদের সাজা ঘোষণা করা হয়েছে হাবিবুর রহমান (সাবেক ডিএমপি কমিশনার) সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড (পলাতক), মো. রাশেদুল ইসলাম (সাবেক এডিসি, খিলগাঁও জোন) সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড (পলাতক) মো. মশিউর রহমান (সাবেক ওসি, রামপুরা থানা) সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। (পলাতক) তরিকুল ইসলাম ভূঁইয়া সাবেক এসআই, রামপুরা থানা যাবজ্জীবন কারাদণ্ড, পলাতক। , চঞ্চল চন্দ্র সরকার (তৎকালীন এএসআই, রামপুরা ফাঁড়ি) ২০ বছরের সশ্রম কারাদণ্ড (গ্রেপ্তার ও কারারুদ্ধ)
আদালতে প্রমাণিত ৩টি সুনির্দিষ্ট ও রোমহর্ষক অপরাধের বিবরণ
মামলার বিচারিক প্রক্রিয়ায় প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে মূলত তিনটি ভয়াবহ ও অমানবিক অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।
২০২৪ সালের ১৯ জুলাই দুপুর আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে তৎকালীন স্বৈরাচারী সরকারের শীর্ষ মহলের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং আন্দোলন দমনের লক্ষ্যে ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান আইন লঙ্ঘন করে পুলিশকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। তার আদেশে খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরার ওসি মশিউর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনী তাদের নিজস্ব অধিক্ষেত্রের বাইরে গিয়ে বনশ্রী এইচ ব্লকের জামে মসজিদের সামনের গলিতে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে। এই সময় পেটে দুটি মারাত্মক বুলেট বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মো. নাদিম (৩৮) নামে এক ব্যক্তি। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই তার মৃত্যু হয়।
১৯ জুলাই বিকেলের দিকে কর্মস্থল থেকে সাধারণ মানুষের মতোই বাড়ি ফিরছিলেন ১৮ বছরের কিশোর আমির হোসেন। হঠাৎ পুলিশের ধাওয়া ও এলোপাতাড়ি গুলির মুখে পড়ে আত্মরক্ষার্থে তিনি বনশ্রী জামে মসজিদের পাশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন। পুলিশ ভবনের ভেতরে ঢুকে তাণ্ডব শুরু করলে প্রাণভয়ে আমির ৩য় তলার ছাদ ঢালাইয়ের একটি পাইপ ধরে ভবনের কার্নিশে বিপজ্জনকভাবে ঝুলে থাকেন।
নথিতে উল্লেখ করা হয়, এএসআই চঞ্চল চন্দ্র সরকার এবং এসআই তরিকুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে তাকে নিচে লাফ দেওয়ার নির্দেশ দেন। ওপর থেকে নিচে লাফ দিলে অবধারিত মৃত্যু জেনে আমির হাতজোড় করে আকুতি জানালেও পুলিশ সদস্যদের মন গলেনি। আমির নিচে না নামায় তাকে লক্ষ্য করে অত্যন্ত ঠাণ্ডা মাথায় পরপর ৬টি গুলি চালানো হয়। গুলিতে ঝাঁঝরা হয়ে গুরুতর জখম অবস্থায় তিনি নিচে পড়ে যান। এই অলৌকিক বেঁচে যাওয়া তরুণের শরীরে লাগা গুলির ক্ষত ও ভিডিও ফুটেজ আদালতে সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেওয়া প্রমাণ হিসেবে গণ্য হয়।
একই দিন (১৯ জুলাই) বিকেলে বনশ্রী জি ব্লকে রামপুরা থানার ঠিক সামনের একটি আবাসিক ভবনের নিচতলার কোলাপসিবল গেটের ভেতরে নিরাপদ আশ্রয়ে দাঁড়িয়ে ছিলেন ৬০ বছর বয়সী বৃদ্ধা মায়া ইসলাম এবং তার মাত্র ৬ বছর বয়সী নিষ্পাপ নাতি বাসিত খান মুসা। বাইরে তখন পুলিশ বাহিনীর মারণাস্ত্রের তাণ্ডব চলছিল। হঠাৎ পুলিশের ছোড়া একটি বুলেট লোহার গেট ও দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে পড়ে। বুলেটটি প্রথমে শিশু মুসার মাথা ভেদ করে বেরিয়ে যায় এবং গতিপথ পরিবর্তন না করে সরাসরি তার পেছনে থাকা দাদি মায়া ইসলামের পেটে গিয়ে বিদ্ধ হয়।
রক্তাক্ত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে দীর্ঘ লড়াইয়ের পর চিকিৎসাধীন অবস্থায় মায়া ইসলাম মারা যান। তবে চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে শিশু মুসার মাথা ভেদ করা ক্ষতটি শুকিয়ে গেলেও সে আজীবনের জন্য ট্রমার শিকার হয়।
গণঅভ্যুত্থানের পর গত বছরের ৩১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহকারী পরিচালক সৈয়দ আব্দুর রউফ এই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করেন। এরপর ৭ আগস্ট প্রসিকিউটর ফারুক আহাম্মদ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক চার্জশিট জমা দেন।
১৮ সেপ্টেম্বর পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরু হয়। তদন্ত কর্মকর্তা মোট ৩০ জন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি গ্রহণ করলেও ট্রাইব্যুনালে মামলার অপরাধের গভীরতা প্রমাণের জন্য ১৪ জন অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ আইউইটনেস বা প্রত্যক্ষদর্শীর জবানবন্দি উপস্থাপন করে প্রসিকিউশন।
চলতি বছরের ৪ মার্চ এই মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে শেষ মুহূর্তে প্রসিকিউশন ঘটনার অকাট্য ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ সংবলিত নতুন ‘ডিজিটাল অ্যাভিডেন্স’ জমা দেওয়ার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে রায় সাময়িক পিছিয়ে দেন।
পরবর্তীতে গত ১৫ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের (আদালত কর্তৃক নিযুক্ত ডিফেন্স কাউন্সিল) দীর্ঘ আইনি যুক্তিতর্ক শুনানি শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য আজকের দিন (রোববার) নির্ধারণ করেছিলেন।
রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সন্তোষ প্রকাশ করে সংবাদমাধ্যমকে জানায়, “এই রায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি দেবে এবং আহতদের মনে বিচার পাওয়ার আস্থা ফিরিয়ে আনবে। চেইন অব কমান্ডের শীর্ষ কর্মকর্তা হয়েও যারা ক্ষমতার দম্ভে মাঠপর্যায়ে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, এই রায় তাদের জন্য একটি ঐতিহাসিক দৃষ্টান্ত। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকরের প্রক্রিয়া শুরু করা হবে।”
