জয়নাল আবেদীনঃ আদালতের বাইরে আপস-মীমাংসার মাধ্যমে দ্রুত ও হয়রানিমুক্ত উপায়ে বিরোধ নিষ্পত্তি করে একটি সুখী ও মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক (সিনিয়র জেলা জজ) মঞ্জুরুল হোসেন। এই লক্ষ্য অর্জনে বিচারপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে আইনজীবীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে অনুষ্ঠিত ‘মামলাজট নিরসনে বাধ্যতামূলক প্রি-কেইস মেডিয়েশন এবং পোস্ট কেইস মেডিয়েশনের ভূমিকা’ শীর্ষক এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক মঞ্জুরুল হোসেন বলেন, সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সব বিচারপ্রার্থীর জন্য লিগ্যাল এইড সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরামর্শ ও আপস-মীমাংসার সেবা দিয়ে যাচ্ছে। তবে এই সেবার বার্তাটি তৃণমূল পর্যায় পর্যন্ত এখনো সেভাবে ছড়িয়ে পড়েনি।
তিনি আরও বলেন আইনগত সহায়তা অধিদপ্তর বর্তমানে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণার বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে সচেতনতা তৈরি করতে হবে। তৃণমূলের মানুষ সচেতন হলে একদিকে যেমন আদালতের ওপর থেকে মামলার পাহাড়সম জট কমবে, অন্যদিকে বিচারপ্রার্থীদের অর্থ ও সময়ের হয়রানি বন্ধ হবে।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) শবনম মোস্তারী। তিনি রংপুর কার্যালয়ের গত কয়েক মাসের একটি পরিসংখ্যান তুলে ধরেন।
২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত কার্যক্রম: ফৌজদারি, দেওয়ানি ও পারিবারিক বিরোধ আপস-মীমাংসার জন্য মোট আবেদন জমা পড়ে ২,৯৬৭টি। দুই পক্ষের সমঝোতার মাধ্যমে সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে ৩৬২টি মামলা। নানা জটিলতায় ৬৪১টি আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়নি।
বর্তমানে ৪০২টি আপস-মীমাংসার আবেদন নথিজাত (Pending) অবস্থায় রয়েছে। এই সময়ের মধ্যে বিনামূল্যে আইনি পরামর্শসেবা দেওয়া হয়েছে ২,১৯১ জনকে।
সেমিনারের বক্তারা একমত হন যে, লিগ্যাল এইডের মাধ্যমে ‘প্রি-কেইস’ (মামলা করার আগে) ও ‘পোস্ট-কেইস’ (মামলা চলাকালীন) মেডিয়েশন বা মধ্যস্থতা জোরদার করা গেলে দেশের বিচার ব্যবস্থার ওপর চাপ অনেকটাই কমে আসবে।
রংপুর জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর দায়রা জজ মশিউর রহমান খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
এছাড়াও রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন ও আরডিআরএস (RDRS) কর্মকর্তা মেজবাহুন নাহারা আলোচনায় অংশ নেন। সেমিনারে রংপুরের স্থানীয় বিচারক, আইনজীবী, মানবাধিকারকর্মী ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

