প্রশাসনে বড় ধামাকা: বিএনপির নতুন সরকারে আড়াই শ কর্মকর্তা পাচ্ছেন যুগ্মসচিব পদে পদোন্নতি

0
প্রশাসনে বড় ধামাকা: বিএনপির নতুন সরকারে আড়াই শ কর্মকর্তা পাচ্ছেন যুগ্মসচিব পদে পদোন্নতি

এনামুল হকঃ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রশাসনে বড় ধরনের ব্যাচভিত্তিক পদোন্নতির মেগা উদ্যোগ নিয়েছে নবগঠিত বিএনপি সরকার। দায়িত্ব নেওয়ার চার মাসের মাথায় জনপ্রশাসনে গতি ফেরাতে এবং বঞ্চিতদের ক্ষোভ প্রশমনে ‘যুগ্মসচিব’ পদে প্রায় ২৫০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি চলছে। চলতি জুলাই মাসের মধ্যেই এই হেভিওয়েট পদোন্নতির প্রজ্ঞাপন জারি হতে পারে।

বর্তমানে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) টেবিলে নিয়মিত ২৫তম ব্যাচ এবং বিগত সময়ে বঞ্চিত ২৪তম ব্যাচসহ প্রায় সাড়ে তিন শ কর্মকর্তার আমলনামা যাচাই-বাছাই করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে ইতোমধ্যে এসএসবির একাধিক উচ্চপর্যায়ের গোপন বৈঠক সম্পন্ন হয়েছে। বোর্ডের সদস্যসচিব হিসেবে সার্বিক তথ্য সমন্বয় করছেন জনপ্রশাসন সচিব।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের কর্মজীবনের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর), প্রয়োজনীয় মূল্যায়ন নম্বর, চাকরি জীবনের শৃঙ্খলা, কর্মক্ষেত্রে দুর্নীতির রেকর্ড এবং বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে।

এবারের পদোন্নতিতে নিয়মিত ব্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচকে। ২০০৬ সালের ২১ আগস্ট ১৯৯ জন কর্মকর্তা এই ব্যাচের মাধ্যমে চাকরিতে যোগ দেন। ২০১৮ সালের ২৪ অক্টোবর তারা উপসচিব হন। বিধিমালা অনুযায়ী ২০২৩ সালেই তাদের যুগ্মসচিব হওয়ার কথা থাকলেও দীর্ঘ ৩ বছর অপেক্ষার পর অবশেষে এবার তাদের ভাগ্য খুলছে। এই ব্যাচ থেকে বর্তমানে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কর্মরত ৯ জনসহ মোট ১৭০ কর্মকর্তার তথ্য যাচাই করছে এসএসবি।

গত বছরের মার্চ মাসে তৎকালীন অন্তর্বর্তী সরকার ১৯৬ জনকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছিল। সে সময় নিয়মিত ২৪তম ব্যাচের ৩২০ জন যোগ্য কর্মকর্তার মধ্যে মাত্র ১৩৭ জন পদোন্নতি পেয়েছিলেন, আর রেকর্ডসংখ্যক ১৮৩ জন কর্মকর্তা বঞ্চনার শিকার হন। প্রশাসন বিশেষজ্ঞদের মতে, অতীতে কোনো ব্যাচে এত বিপুল সংখ্যক কর্মকর্তাকে একসঙ্গে বঞ্চিত করা হয়নি। এবার সেই ২৪ ব্যাচের বঞ্চিতদের রিভিউ করে একটি বড় অংশকে পদোন্নতি দিয়ে প্রশাসনে ভারসাম্য ফেরানোর চেষ্টা করছে নতুন সরকার।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এই মেগা পদোন্নতি প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময়ই দক্ষতা ও মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। যোগ্য ও দক্ষ কর্মকর্তারাই পদোন্নতি পাবেন। ২৪ ও ২৫ ব্যাচের পদোন্নতি একসাথেই হবে এবং এসএসবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ২৫ ব্যাচের একাধিক কর্মকর্তা স্বস্তি প্রকাশ করে বলেন, “আমরা চাই কাজের প্রকৃত মূল্যায়ন হোক, কেউ যেন রাজনৈতিক ট্যাগ বা দলীয় রঙে বাদ না পড়েন। পাশাপাশি, পদোন্নতির জন্য ব্রিটিশ আমলের গোয়েন্দা রিপোর্টের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো উচিত, যা সিভিল সার্ভিসের স্বকীয়তা নষ্ট করে।”

যুগ্মসচিব পদে পদোন্নতি পেতে হলে সরকারি বিধিমালা অনুযায়ী দুটি শর্তের যেকোনো একটি পূরণ করতে হয়। উপসচিব পদে কমপক্ষে ৫ বছর চাকরিসহ ক্যাডার কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা। উপসচিব পদে অন্যূন ৩ বছর চাকরিসহ ক্যাডারে মোট ২০ বছরের কাজের অভিজ্ঞতা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রশাসনে যুগ্মসচিবের অনুমোদিত স্থায়ী পদের সংখ্যা ৫০২টি। কিন্তু সরকারি কর্মচারী বাতায়নের (পিএমআইএস) সর্বশেষ ডাটাবেজ অনুযায়ী, এই পদে ইতোমধ্যে কর্মরত আছেন ৮৯০ জন। নতুন করে আরও ২৫০ জন যুক্ত হলে যুগ্মসচিবের সংখ্যা ১,১০০ ছাড়িয়ে যাবে। ফলে পদের চেয়ে দ্বিগুণেরও বেশি কর্মকর্তা থাকায় পদোন্নতিপ্রাপ্তদের অনেককেই ‘ইন-সিটু’ (পদোন্নতি পেয়েও আগের পদে বহাল থাকা) বা ওএসডি হিসেবে কাজ করতে হতে পারে।

সব মিলিয়ে, নতুন মেয়াদের শুরুতেই এই বড় পদোন্নতির মাধ্যমে বিএনপি সরকার আমলাতন্ত্রে নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও গতিশীলতা আনার একটি বড় রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা দিতে যাচ্ছে।