মহিষের আক্রমণে মালিক নিহত

0
কলাপাড়ায় মহিষের আক্রমণে মালিক নিহত

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নিজ গোয়ালের বলি মহিষের আক্রমণে তোফাজ্জেল মোল্লা (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জেল মোল্লা ওই গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।

নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রুমা বেগম জানান, তাদের গোয়ালে ৮ টি মহিষ পালন করেন তারা। এর মধ্যে একটি বলি মহিষও রয়েছে। দুর্ঘটনার সময় তার ভাসুর বিল থেকে মহিষের পাল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বলি মহিষটি তোফাজ্জেল মোল্লাকে আক্রমন করে। এ সময় আশেপাশে কোন লোকজন না থাকায় তাকে কেউ উদ্ধার করতে পারেনি। ফলে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর ফকির বলেন, তার নিজ গোয়ালে পালিত বলি মহিষের আক্রমণেই মৃত্যু হয়েছে। তোফাজ্জেলের শরীরে একাধিক স্থানে মহিষের সিংয়ের আঘাতের বড় বড় ক্ষত চিহ্ন রয়েছে।

কলাপাড়া থানার ওসি মো নজরুল ইসলাম বলেন, নিজের পালিত মহিষের হামলায় কৃষক তোফাজ্জেল মোল্লার মৃত্যু হয়েছে, এটা আমরা নিশ্চিত হতে পেরেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।