কলাপাড়া প্রতিনিধি: জাতীয় বাজেটে দক্ষিনাঞ্চলের উন্নয়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরন, কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে আধুনিক পর্যটন কেন্দ্র, পায়রা বন্দরকে পূর্নাঙ্গরুপে চালু, নদী ভাঙ্গনরোধে টেকসই বেড়িবাঁধ, মহিপুর থানাকে উপজেলা, কুয়াকাটায় বিমানবন্দর ও বরিশাল-ভোলা সেতু নির্মান করা সহ ৯ দফা দাবিতে কলাপাড়া নাগরিক সমাজের উদ্যোগে ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা এগারোটায় কলাপাড়া সিক্সলেন থেকে কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার পেশাজীবী সহ সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পর্যটনকেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর এবং ১৩২০ কিলোওয়াটের দুইটি তাপবিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা কলাপাড়ায় স্থাপিত হওয়ায় সারা বছরই এ সড়কে যানবাহনের চাপ লেগেই থাকে। মহাসড়কটি সরু হওয়ায় প্রায়ই যানজট ও দুর্ঘটনা ঘটে। ফলে পর্যটন শিল্প , ব্যবসা-বাণিজ্য এবং দক্ষিণাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বাঁধা সৃষ্টি হচ্ছে। ছয় লেনের মহাসড়ক নির্মিত হলে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে। তাই জনস্বার্থে কুয়াকাটা- ভাঙ্গা মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করা সময়ের দাবি।
এসময় বক্তারা আরও বলেন, পায়রা বন্দরকে পূর্নাঙ্গরুপে চালু করলে এই বন্দর দেশের অর্থনীতি সাবলম্বি করতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। এছাড়া পর্যটন শিল্প, বাণিজ্য এবং বিনিয়োগের নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে।
বক্তারা বলেন, সংসদে জাতীয় বাজেট ঘোষণা করা হলেও দক্ষিণাঞ্চলের উন্নয়নে কোন বরাদ্দ রাখা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে জাতীয় বাজেটে বরাদ্দ অন্তর্ভুক্ত করার দাবি জানান
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ৯ দফা দাবী বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সাম্প্রতিক সময়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে একই দাবিতে মানববন্ধন ও কর্মসূচি পালিত হচ্ছে।

