স্কুলহীন চান্দিনার তিন গ্রাম: জমি দানের ৯ বছর পরও আলোর মুখ দেখেনি বিদ্যালয়

0
স্কুলহীন চান্দিনার তিন গ্রাম: জমি দানের ৯ বছর পরও আলোর মুখ দেখেনি বিদ্যালয়

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের জয়দেবপুর, ছোট কলাগাঁও ও নিশ্চিন্তপুর গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ঘরের কাছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোমলমতি শিশুদের দোরগোড়ায় প্রাথমিক শিক্ষা পৌঁছে দিতে স্থানীয় বাসিন্দারা প্রায় নয় বছর আগে স্বেচ্ছায় জমিও দান করেছিলেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিদ্যালয় নির্মাণে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারের ‘বিদ্যালয়বিহীন গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন’ উদ্যোগের অংশ হিসেবে এই তিন গ্রামকে স্কুলবিহীন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। এরপরই গ্রামবাসী বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে তৎপরতা শুরু করেন। ২০১৭ সালের ২৪ জুলাই জয়দেবপুর গ্রামের বাসিন্দা অধ্যাপক মো. শাহজাহান, সুলতান আহমেদ ও দেলোয়ার হোসেনসহ কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি একটি সড়কের পাশে প্রায় ৩৩ শতাংশ জমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর রেজিস্ট্রি করে দেন। বিদ্যালয় প্রতিষ্ঠার সব আইনি ও দাপ্তরিক কাগজপত্র সম্পন্ন করা হলেও দীর্ঘ ৯ বছর কেটে গেছে, কিন্তু বিদ্যালয় ভবন নির্মাণের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

বর্তমানে এই তিন গ্রামে কোনো স্কুল না থাকায় শতাধিক শিক্ষার্থীকে প্রতিদিন দুই থেকে তিন কিলোমিটার দূরের অন্য গ্রামের বিদ্যালয়ে গিয়ে পাঠগ্রহণ করতে হচ্ছে। দুর্গম ও কাঁচা গ্রামীণ সড়ক পেরিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে ছোট ছোট শিশুরা। বিশেষ করে বর্ষা মৌসুমে গ্রামীণ রাস্তাগুলো কাদায় একাকার হয়ে যাওয়ায় এবং প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক শিশু নিয়মিত স্কুলে যেতে পারে না। অভিভাবকদের মতে, ছোট শিশুদের এত দূরের পথ হেঁটে পাঠাতে সবসময়ই নিরাপত্তার দুশ্চিন্তা থাকে, যার ফলে অনিয়মিত উপস্থিতির পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কাও বাড়ছে।

জয়দেবপুর গ্রামের বাসিন্দা ও জমিদাতা অধ্যাপক মো. শাহজাহান আক্ষেপ করে বলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে তারা জমি দান করেছিলেন এবং তৎকালীন ইউপি চেয়ারম্যান বিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানটি মাটি ভরাটও করে দিয়েছিলেন। তাদের আশা ছিল সন্তানরা নিজ গ্রামেই পড়াশোনা করবে, কিন্তু দীর্ঘ ৯ বছরেও স্কুল ভবন না হওয়া অত্যন্ত হতাশাজনক। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, এখানে একটি বিদ্যালয় হলে তিন গ্রামের শিশুরাই নিরাপদে শিক্ষালাভের সুযোগ পাবে, অন্যথায় এই অঞ্চলের শিক্ষাব্যবস্থা আরও পিছিয়ে পড়বে। স্থানীয় শিক্ষাবিদদের মতে, একটি বিদ্যালয়ের অভাবে শিশুরা তাদের মৌলিক শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে চান্দিনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা জানান, সারা দেশে প্রথমে ১ হাজার ৫০০ এবং পরবর্তীতে আরও ১ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের একটি প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে ২০১৮ সালে সেই প্রকল্পটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন করে বিদ্যালয়বিহীন এলাকার হালনাগাদ তালিকা চাইলে ২০২৩ সালের মে মাসে উপজেলা অফিস থেকে তালিকা পাঠানো হয়। তিনি দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের ৩১ মার্চ পুনরায় সেই তালিকাটি অধিদপ্তরে পাঠিয়েছেন। এখন প্রশাসনিক সব জটিলতা ও অনুমোদন দ্রুত সম্পন্ন করে জয়দেবপুর এলাকায় এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণের মাধ্যমে শিশুদের শিক্ষার মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।