সাপাহারে বাকসা বিলের সীমানা ঘেরাও নিয়ে দুপক্ষের মাঝে উত্তেজনা

0
সাপাহারে বাকসা বিলের সীমানা ঘেরাও নিয়ে দুপক্ষের মাঝে উত্তেজনা

সাপাহার প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের বাকসা বিল নিয়ে ইজারাদারের লোকজন ও জমির মালিকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।

সাপাহার থানায় লিখিত অভিযোগে জানাগেছে গোয়ালা ইউনিয়নের কামাশপুর ও বেলডাঙ্গা গ্রামের মধ্যে অবস্থিত সরকারি জলাশয় বাকসা বিল টি চলতি বছর সরকারি ভাবে লীজ গ্রহণ করে কলমুডাঙ্গা মৎস্য জীবি সমিতি। বিল দেখা শোনার জন্য কামাশপুর গ্রামের লোকজন কে দায়িত্ব প্রদান করে। এ দিকে বর্ষা মৌসুমে লীজকৃত বিলের জায়গা থেকে কমপক্ষে ৭০০ মিটার পশ্চিমে জবাই বিলেন সংযোগস্থলে লীজ গ্রহণকারীগণ বাঁশের বেড়া( বানা) দিয়ে বিল ঘিরে দেয়। বিলের জায়গা বাদে ব্যক্তি মালিকানাধীন জমি ঘিরে নেওয়ায় উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে জমির মালিকরা বেড়া উপড়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরাফাত ও ওলিউল্লাহ নামের দুইজন যুবক গুরুত্বর আহত হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জমির মালিকগণের পক্ষ নুরুল ইসলাম নামের এক ব্যক্তি গত ৩০ জুন (মঙ্গলবার) সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এতে বিবাদী করা হয় কামাশপুর গ্রামের মোস্তফার পুত্র ইসমাইল (৪৫), সেরাজুলের পুত্র সালেকুর (২৭) সহ ৯ জনের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে ওইদিন বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে ১ জুলাই (বুধবার) সকালে প্রতিপক্ষের লোকজন আবারও মালিকানাধীন জমি ঘিরে নেয়ার চেষ্টা করলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।