সুনামগঞ্জ প্রতিনিধি: প্রান্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগোষ্ঠীর শিক্ষা,দক্ষতা ও আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)শীর্ষক কর্মসূচির আওতায় সুনামগঞ্জের তাহিরপুরে শিক্ষাবৃত্তি,সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) উপজেলার টেকেরঘাট মুক্তমঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ২০২৫–২০২৬ অর্থবছরের বরাদ্দ থেকে ২০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি, ৩ জন উপকারভোগীর হাতে সেলাই মেশিন এবং ২ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান মানিক। তিনি উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দিয়ে বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগণের শিক্ষা,দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের কর্মসূচি পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে আরও সম্পৃক্ত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম নাসের উজ্জ্বল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং বিএনপি নেতা শামছু মেম্বার।
অনুষ্ঠানে বক্তারা বলেন,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা ও কর্মসংস্থানে বিনিয়োগই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। সরকারের এ সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে এবং উপকারভোগীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সহায়ক হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে প্রশংসিত হয়েছে।

