রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদক সেবন (নেশা) করে সড়কের ওপর পথচারীদের বিদ্রূপ করার অভিযোগে তিন মাদকসেবি যুবককে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে উপজেলার আবাদপুকুর-পতিসর সড়কের কালীগ্রাম বড়িয়াপাড়া-গুয়াতা গ্রামের মাঝামঝি স্থানে অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন, উপজেলার গুয়াতা গ্রামের আব্বাস উদ্দীনের ছেলে জেমস আহম্মেদ (২৯), কালীগ্রাম বড়িয়াপাড়া তেলিপুকুর গ্রামের জুলহকের ছেলে রানা আহম্মেদ (১৯) ও হাসিবুল ইসলাম (২৩)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শুক্রবার রাত আনুমনিক সাড়ে ৯টার দিকে উপজেলার আবাদপুকুর-পতিসর সড়কের কালীগ্রাম বড়িয়াপাড়া-গুয়াতা গ্রামের মাঝামঝি স্থানে সড়কের ওপর কয়েকজন মাদকসেবি যুবক নেশা করে পথচারীদের বিদ্রূপ করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেশাগ্রস্থ্য অবস্থায় তাদের তিনজনকে হাতেনাতে ধরা হয়। এরপর তাদের তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একই সাথে ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

