পীরগাছায় স্ত্রীর পরকীয়া নিয়ে বিরোধে পোশাকশ্রমিকের মৃত্যু

0
পীরগাছায় স্ত্রীর পরকীয়া নিয়ে বিরোধে পোশাকশ্রমিকের মৃত্যু

পীরগাছা প্রতিনিধি: রংপুরের পীরগাছায় পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় চান মিয়া (৫০) নামে এক তৈরি পোশাক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী মিথুন মিয়াকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের দিগটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চান মিয়া ওই গ্রামের আজগার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, চান মিয়া ঢাকায় চাকরি করার সময় তাঁর স্ত্রী মুক্তি বেগম প্রতিবেশী দুলু মিয়ার ছেলে মিথুন মিয়ার (৩২) সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এক বছর আগে কৌশলে চান মিয়াকে দিয়ে প্রায় আড়াই বিঘা জমি নিজের নামে লিখে নেন বলেও পরিবারের অভিযোগ।

স্বজনদের দাবি, গত ঈদুল আজহার কয়েক দিন আগে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে চান মিয়া গ্রামের বাড়িতে ফিরে আসেন। পরে তিনি আর ঢাকায় না গিয়ে বাড়িতেই থাকার সিদ্ধান্তের কথা স্ত্রীকে জানান। এর কিছুদিন পর মুক্তি বেগম পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ভাড়া বাসায় ওঠেন। যাওয়ার সময় তিনি বাড়ির আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যান।

পরিবারের সদস্যদের দাবি, ঘটনার দিন চান মিয়া জানতে পারেন, তাঁকে তালাক না দিয়েই তাঁর স্ত্রী প্রতিবেশী মিথুন মিয়াকে বিয়ে করে সুন্দরগঞ্জের ওই ভাড়া বাসায় বসবাস করছেন। বিষয়টি জানতে শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি ইটভাটার কাছে মিথুন মিয়ার সঙ্গে কথা বলতে যান তিনি। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। হাতাহাতির সময় চান মিয়া মাটিতে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মিথুন মিয়া দৌড়ে পাশের জিয়ার বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয় লোকজন তাঁকে একটি ঘরে আটকে রাখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে স্থানীয়দের হাতে আটক মিথুন মিয়াকেও থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাগ্নে আলম মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, ‘ঘটনাস্থলে একজনকে স্থানীয় লোকজন আটকে রেখেছিলেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।’

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।