গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সুতী নদীর পাড় দিয়ে ৯কোটি টাকা ব্যায়ে নির্মিত রাস্তা নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে ধ্বসে যাওয়া রাস্তা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাস্তা পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী বলেন, রাস্তার কাজে অনিয়ম হয়নি তবে রাস্তার পাশে কবরস্থান ও একপাশে ধান শুকাতে দেওয়ায় অন্যপাশে বেশি লোড পড়ায় কিছু অংশ দেবে গেছে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসায় আমরা পরিদর্শনে এসেছি। এটি দ্রুত মেরামত করে জনগনের চলাচল স্বাভাবিক করা হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে রাস্তা নির্মাণের ক্ষেত্রে অনিয়ম ও নিন্মমানের সামগ্রী কেউ ব্যবহার করতে না পারে সেদিকে নজর রাখা হবে।
শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সুতি নদীর পাড় পরিদর্শনের সময় গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এলজিইডির প্রকল্প পরিচালক বাবুল আক্তার সহ জেলা প্রশাসন ও এলজিইডির উর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

