মাঝসমুদ্রে ৩ দিন ধরে ভাসছেন ১৭ জেলে, উদ্ধারে কোস্টগার্ড ও মালিক সমিতি

0
মাঝসমুদ্রে ৩ দিন ধরে ভাসছেন ১৭ জেলে, উদ্ধারে কোস্টগার্ড ও মালিক সমিতি

বরগুনা প্রতিনিধি: গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ‘এফবি জাহান’ নামের একটি মাছধরা ট্রলারের প্রপেলার (পাখা) ভেঙে বিকল হয়ে পড়েছে। এর ফলে গত তিন দিন ধরে উত্তাল সাগরে ভাসছেন ওই ট্রলারের ১৭ জন জেলে। নিখোঁজ ও বিপদে পড়া এই জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের পাশাপাশি স্থানীয় ট্রলার মালিক সমিতিও উদ্ধার অভিযান শুরু করেছে।

আজ শনিবার (৪ জুলাই) দুপুরে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত পাঁচ দিন আগে বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে ১৭ জন জেলেসহ ‘এফবি জাহান’ ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারে থাকা সব জেলের বাড়িই পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

যাত্রার দুই দিন পর হঠাৎ ট্রলারটির প্রপেলার শ্যাফট (পাখা) ভেঙে ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। সাগরের প্রবল ঢেউয়ে ট্রলারটি পাথরঘাটা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গভীর সাগরে ভেসে যায়। গত তিন দিন ধরে সেখানে নেটওয়ার্কহীন অবস্থায় ভাসছিলেন জেলেরা। অবশেষে আজ সাগরের একটি অংশে সাময়িকভাবে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসতেই জেলেরা ট্রলারের মালিক মো. বেল্লাল হোসেনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। তারা ফোনে নিজেদের চরম বিপদের কথা জানান এবং দ্রুত উদ্ধারের আকুতি মিনতি করেন। গতকাল শুক্রবার রাতে ট্রলার মালিক বিষয়টি ট্রলার মালিক সমিতিকে অবহিত করেন।

জেলেদের অবস্থান নিশ্চিত হওয়ার পর পরই তাদের নিরাপদে ফিরিয়ে আনতে তৎপরতা শুরু হয়েছে। বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান “বিষয়টি জানার পর পরই আমরা কোস্টগার্ডের পশ্চিম জোনকে (মোংলা) বিস্তারিত জানিয়েছি। কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল ইতিমধ্যেই সাগরে রওনা হয়েছে। পাশাপাশি আমাদের মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও উদ্ধারকারী ট্রলার পাঠানো হয়েছে। আশা করছি দ্রুতই তাদের নিরাপদে তীরে ফিরিয়ে আনা সম্ভব হবে।”

এদিকে ট্রলারে থাকা জেলেদের পরিবারে এখন চরম উদ্বেগ-উৎকণ্ঠার ছায়া নেমে এসেছে। নিখোঁজ স্বজনদের অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন তারা। কোস্টগার্ড জানিয়েছে, সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।