প্লাস্টিকের দখলে টাঙ্গুয়ার হাওর, বিলুপ্তির পথে বাঁশ-বেতের চাই নির্মাণশিল্প

0
প্লাস্টিকের দখলে টাঙ্গুয়ার হাওর,বিলুপ্তির পথে বাঁশ-বেতের চাই নির্মাণশিল্প

সুনামগঞ্জ প্রতিনিধি: দেশের অন্যতম রামসার জলাভূমি ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওর একসময় ছিল পরিবেশবান্ধব বাঁশ-বেতের তৈরি চাইয়ের অন্যতম কেন্দ্র।

হাওরপাড়ের শত শত পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁশ-বেতের বিভিন্ন ধরনের চাই তৈরি করে জীবিকা নির্বাহ করত। বর্ষা মৌসুম এলেই কারিগরদের বাড়িতে বসত চাই তৈরির ধুম।স্থানীয় জেলেদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকেও এসব চাই কিনতে আসতেন ক্রেতারা। কিন্তু সময়ের পরিক্রমায় সেই ঐতিহ্য আজ অস্তিত্ব সংকটে। প্লাস্টিকের তৈরি চাইয়ের দাপটে হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের শতবর্ষী বাঁশ-বেতের চাই নির্মাণশিল্প।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৯ সালের পর থেকে টাঙ্গুয়ার হাওরে প্লাস্টিকের তৈরি চাইয়ের ব্যবহার দ্রুত বাড়তে শুরু করে। এরপর বিভিন্ন উৎস থেকে এসব চাই সরবরাহ হয়ে বর্তমানে হাওরের অধিকাংশ জেলের ব্যবহৃত প্রধান মাছ ধরার উপকরণে পরিণত হয়েছে। অথচ এর আগে টাঙ্গুয়ার হাওরে মাছ আহরণের জন্য হাওরপাড়ের কারিগরদের হাতে তৈরি বাঁশ-বেতের বিভিন্ন ধরনের চাই-ই ছিল জেলেদের প্রধান ভরসা। ফলে এই কুটিরশিল্পের সঙ্গে জড়িয়ে ছিল অসংখ্য পরিবারের জীবিকা।

স্থানীয়দের দাবি, টাঙ্গুয়ার হাওরের বাইরে আগে থেকেই প্লাস্টিকের চাইয়ের ব্যবহার থাকলেও ইজারাদারি ও প্রকল্প ব্যবস্থাপনা চলাকালীন সময়ে হাওরে এসব প্লাস্টিকের চাই ব্যবহার কার্যত নিষিদ্ধ ছিল। সে সময় হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে দেশীয় বাঁশ-বেতের তৈরি চাই ব্যবহারে গুরুত্ব দেওয়া হতো। তবে ইজারাদারি ব্যবস্থাপনার সময় হাওরপাড়ের সাধারণ মানুষ এমনিতেই হাওরে মাছ ধরার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। পরবর্তীতে ইজারাদারি ব্যবস্থা বিলুপ্ত এবং প্রকল্প ব্যবস্থাপনা শেষ হওয়ার পর প্লাস্টিকের তৈরি চাইয়ের ব্যবহার দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে একদিকে পরিবেশবান্ধব দেশীয় চাইয়ের ব্যবহার কমে যায়,অন্যদিকে ঐতিহ্যবাহী বাঁশ-বেতের চাই নির্মাণশিল্পও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।এই পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগীদের একজন মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদুর গ্রামের বাঁশ-বেতের চাই নির্মাতা আব্দুল হেলিম। একসময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাঁশ-বেতের চাই তৈরি করেই জীবিকা নির্বাহ করতেন। বর্ষা মৌসুম এলেই তাঁদের বাড়িতে চাই তৈরির ব্যস্ততা শুরু হতো। কিন্তু বর্তমানে সেই কাজ প্রায় বন্ধ হয়ে গেছে।

আব্দুল হেলিম বলেন,একসময় আমি ও আমার পরিবারের সবাই মিলে বাঁশ-বেতের চাই তৈরি করে সংসার চালাতাম। কিন্তু এখন প্লাস্টিকের চাইয়ের কারণে আমাদের তৈরি চাইয়ের আর আগের মতো চাহিদা নেই। বাঁশ ও বেতের দাম বেড়েছে,অথচ ন্যায্য মূল্য পাওয়া যায় না। বাধ্য হয়ে এই পেশা ছেড়ে জীবিকার তাগিদে ঢাকায় চলে এসেছি। এখন আর আমাদের পরিবারের কেউ এই কাজ করে না। পূর্বপুরুষের এই পেশা হারিয়ে যেতে দেখে খুব কষ্ট লাগে।

হামিদুর গ্রামের আরেক কারিগর আশরাফুলও একসময় পুরোপুরি বাঁশ-বেতের চাই নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। এই পেশার আয়েই চলত তাঁর পরিবারের সংসার। কিন্তু প্লাস্টিকের চাইয়ের ব্যাপক ব্যবহার ও দেশীয় চাইয়ের চাহিদা কমে যাওয়ায় তিনিও পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। বর্তমানে তিনি মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে পারিবারিক ঐতিহ্য পুরোপুরি হারিয়ে যেতে দেননি। পরিবারের অন্যান্য সদস্যরা এখনও মাঝেমধ্যে বাঁশ-বেতের চাই তৈরি করেন। আশরাফুল বলেন,আগে এই পেশাই ছিল আমাদের পরিবারের প্রধান আয়ের উৎস। কিন্তু এখন চাই তৈরি করে সংসার চালানো যায় না। তাই মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছি। তবে পরিবারের অন্য সদস্যরা এখনও মাঝেমধ্যে চাই তৈরি করেন।

আব্দুল হেলিম ও আশরাফুলের মতো একই উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি গ্রামের রাজ্জাক মিয়া এবং তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জয়পুর গ্রামের রেনু মিয়াও একসময় বাঁশ-বেতের চাই নির্মাণ করেই জীবিকা নির্বাহ করতেন। কিন্তু প্লাস্টিকের চাইয়ের দাপটে দেশীয় চাইয়ের চাহিদা কমে যাওয়ায় তাঁরাও পৈতৃক এই পেশা ছেড়ে অন্য জীবিকার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।

স্থানীয় প্রবীণদের ভাষ্য,একসময় টাঙ্গুয়ার হাওরপাড়ের প্রায় প্রতিটি গ্রামেই বাঁশ-বেতের চাই তৈরির কারিগর ছিলেন। বর্ষা মৌসুমে তাদের তৈরি চাইয়ের ব্যাপক চাহিদা ছিল। বর্তমানে হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ এই পেশায় টিকে নেই। নতুন প্রজন্মের অধিকাংশই আর এই পেশায় আগ্রহী নয়। ফলে শুধু একটি কুটিরশিল্পই নয়, টাঙ্গুয়ার হাওরকে ঘিরে গড়ে ওঠা শতবর্ষী লোকজ ঐতিহ্য, কারিগরি দক্ষতা ও সাংস্কৃতিক উত্তরাধিকারও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। স্থানীয় সচেতন মহলের মতে,টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি ঐতিহ্যবাহী বাঁশ-বেতের চাই নির্মাণশিল্প টিকিয়ে রাখতেও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। কারিগরদের আর্থিক সহায়তা,সহজ শর্তে ঋণ,বাজারজাতকরণে সহযোগিতা এবং পরিবেশবান্ধব দেশীয় মাছ ধরার উপকরণের ব্যবহার উৎসাহিত করা হলে হারিয়ে যেতে বসা এই কুটিরশিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে। অন্যথায় প্লাস্টিকের আগ্রাসনে টাঙ্গুয়ার হাওরের আরেকটি ঐতিহ্য ইতিহাসের পাতায় স্থান করে নেবে।