কুলিয়ারচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শরীফুল আলম

0
কুলিয়ারচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কুলিয়ারচর প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী উপজেলার ১ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তার আওতায় উপকারভোগীদের মধ্যে নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়। পাশাপাশি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর পক্ষ থেকেও চেক বিতরণ করা হয়। প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া ১০০ কৃষককে ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও একটি করে কীটনাশকের প্যাকেট প্রদান করা হয়। অপরদিকে ১ হাজার কৃষকের প্রত্যেককে একটি করে গ্রীষ্মকালীন শাকসবজির মাস্টার প্যাকেট, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহদাত হোসেন শাহ আলম, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান হাজী হাফেজ মো. দ্বীন ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা। পরে প্রতিমন্ত্রী কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা টিএনটি সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

এছাড়া তিনি কুলিয়ারচর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন প্রতিমন্ত্রী।

সকালে তিনি উপজেলার পশ্চিম গোবরিয়া গ্রামে গিয়ে উপজেলা বিএনপির প্রয়াত সাবেক সহ-সভাপতি শামসু উদ্দিনের কবর জিয়ারত করেন। পরে উছমানপুর ইউনিয়নে গিয়ে উপজেলা বিএনপির প্রয়াত সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলামের কবরও জিয়ারত করেন।