সংসার চালাতে শিক্ষকদের যেন অন্য কাজ করতে না হয়, সম্মানি বাড়াবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

0
সংসার চালাতে শিক্ষকদের যেন অন্য কাজ করতে না হয়, সম্মানি বাড়াবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদকঃ সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং পেশাগত মনোযোগ বাড়াতে পর্যায়ক্রমে তাদের সম্মানি (বেতন-ভাতা) বৃদ্ধি করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত স্বৈরাচারী সরকারের শিক্ষা নীতি ও অবকাঠামোগত উন্নয়নের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কেবল ভবন নির্মাণ নয়, যোগ্য জাতি গঠনে শিক্ষক ও মানবসম্পদ উন্নয়ন তথা ‘হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট’ অত্যন্ত জরুরি।

বুধবার (৮ জুলাই) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শিক্ষকদের আর্থিক সংকটের বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “আমরা অনেক সময় দেখেছি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাসের সময় শেষ হতেই তড়িঘড়ি করে অন্য কোনো দ্বিতীয় চাকরিতে (সেকেন্ড জব) বা কৃষি কাজে ছোটেন। কারণ বর্তমান বাজারে এই যৎসামান্য আয়ে তাদের পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।”

এই সংকটের সমাধান জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষকরা যেন বাধ্য হয়ে পার্ট-টাইম কোনো কাজে না জড়ান এবং তাদের সমস্ত মেধা ও সময় শিক্ষার্থীদের পেছনে উৎসর্গ করতে পারেন, সেজন্যই তাদের সম্মানি বাড়ানো প্রয়োজন। শুধু আধুনিক প্রশিক্ষণ দিলেই হবে না, প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষকদের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার কাজটি আমরা পর্যায়ক্রমে অবশ্যই করব, ইনশাআল্লাহ।”

প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, “বিগত স্বৈরাচারী সরকারের আমলে শুধু বড় বড় বিল্ডিং ও ভৌত অবকাঠামো হয়েছে, কিন্তু ‘হিউম্যান রিসোর্স’ বা মানবসম্পদের কোনো গুণগত মানোন্নয়ন হয়নি। আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষকদের যথাযথভাবে গড়ে তুলতে না পারি, তবে টেকসই উন্নয়ন সম্ভব নয়।” এই লক্ষ্য বাস্তবায়নে চলতি বাজেটে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ রাখার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে পোশাক ও ব্যাগ: সংসদ সদস্য শাম্মী আখতারের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়া ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। কোনো এলাকা যেন বাদ না পড়ে, সে ব্যাপারে সব সংসদ সদস্যকে আশ্বস্ত করেন তিনি।

প্রশ্নোত্তর পর্ব: বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরুর পর প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল। এই সংক্ষিপ্ত সময়ে প্রধানমন্ত্রী ৪ জন সংসদ সদস্যের তারকা চিহ্নিত প্রশ্ন এবং ৯ জন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেন।