কলাপাড়া প্রতিনিধি: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় ৬ দিন ধরে মাঝারী থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত জেলায় ৮২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহর থেকে গ্রামাঞ্চলের অনেক সড়কে পানি জমেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় দুশ্চিন্তায় পড়েছেন মৎস্য চাষী ও বর্ষাকালীন সবজি চাষীরা। এদিকে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবিরা। উপকূলীয় এলাকা দিয়ে আজও ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দর সমূহে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান মো ফজলু গাজী বলেন, এই ভারি বৃষ্টিতে গ্রামের মাছের ঘের, পুকুর, রাস্তাঘাট সব ডুবে গেছে।আরেক দিকে সাগর উত্তাল থাকায় মাছধরা কোন ট্রলার সাগরে যেতে পারছেনা।বহু ট্রলার ও জেলে সাগরে নিখোঁজ রয়েছে।

