বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তাদের কাছে ১৫ দিন ধরে জিম্মি থাকা অপহৃত এক জেলেকেও উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন বেইজে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের প্রতিনিধি, র্যাব, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, অন্ধকার জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার লক্ষ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ওই তিন সদস্য আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মাদ মেসবাউল ইসলামের কাছে নিম্নলিখিত অস্ত্র ও গোলাবারুদ জমা দেন দেশীয় একনলা বন্দুক ২টি, দেশীয় পাইপগান ১টি, তাজা কার্তুজ ৪০ রাউন্ড
স্বাভাবিক জীবনে ফিরে আসা তিন আত্মসমর্পণকারী হলেন, আলামিন হোসেন (৪০) মোংলা, বাগেরহাট। তৈবুর রহমান (২৪) তালা, সাতক্ষীরা। মনিরুজ্জামান মামুন (২০) কয়রা, খুলনা।
কোস্ট গার্ড জানায়, এই তিনজন দীর্ঘদিন ধরে বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের অপহরণ এবং মুক্তিপণ আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে ।
কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের কারণে দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে। এরই ধারাবাহিকতায় বড় জাহাঙ্গীর বাহিনীর এই তিন সদস্য দল থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। এর আগে গত ২১ মে সুন্দরবনের আরেক কুখ্যাত দস্যু দল ‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ সাত সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছিলেন।
কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মাদ মেসবাউল ইসলাম বলেন, কোস্ট গার্ডের নিরলস অভিযান এবং কঠোর অবস্থানের কারণেই সুন্দরবনে সক্রিয় দস্যু বাহিনীগুলো অনেকাংশে দুর্বল ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি এখনো সক্রিয় থাকা সকল দস্যুকে দস্যুবৃত্তি পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন “যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে ইচ্ছুক, আত্মসমর্পণের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পুনর্বাসনের সুযোগ প্রদান করা হবে। অন্যদিকে যারা আত্মসমর্পণ না করে অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ, আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের পাশাপাশি উদ্ধারকৃত জেলেকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

