চট্টগ্রাম ব্যুরোঃ টানা কয়েকদিনের রেকর্ডভাঙা ভারী বর্ষণ ও ভারতের সীমান্ত থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রাম অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের সৃষ্টি হয়েছে। আকস্মিক এই দুর্যোগে পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। এই সংকটময় পরিস্থিতিতে দুর্গত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরাসরি মাঠপর্যায়ে ছুটে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে তিনি চট্টগ্রামে পৌঁছান। এরপর কোনো বিরতি না নিয়ে সরাসরি বন্যাকবলিত বাঁশখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে চলে যান এবং সাধারণ মানুষের খোঁজখবর নেন।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে জামায়াত আমির দেখেন, বাঁশখালীর বিস্তীর্ণ এলাকার শত শত ঘরবাড়ি এখনো পানিতে তলিয়ে রয়েছে। অসংখ্য পরিবার আশ্রয়কেন্দ্র ও বাঁধের ওপর আশ্রয় নিয়ে চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছে। তলিয়ে গেছে একরের পর একর ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের। বন্যাকবলিত এলাকাগুলোতে বর্তমানে শুকনো খাবার, শিশুখাদ্য এবং বিশেষ করে বিশুদ্ধ পানির তীব্র হাহাকার চলছে। অনেক স্থানে দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব।
হাঁটুপানিতে নেমে ডা. শফিকুর রহমান পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং স্থানীয়দের সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন। পরিদর্শন শেষে তিনি ব্যক্তিগতভাবে দুর্গতদের মাঝে শুকনো খাবার, জরুরি ওষুধ বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন এবং বলেন, “এটি রাজনৈতিক নয়, মানবিক দায়িত্ব”
বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন “এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত ও ঘরহারা মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে।”
তিনি আশ্বস্ত করে বলেন, জামায়াতে ইসলামী শুরু থেকেই দুর্গত মানুষের পাশে ছিল এবং এই সংকট পুরোপুরি মোকাবিলা না হওয়া পর্যন্ত তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
বাঁশখালী উপজেলার কর্মসূচি শেষে বিরোধীদলীয় নেতা এবং জামায়াত আমিরের নেতৃত্বাধীন কেন্দ্রীয় প্রতিনিধি দলটি চট্টগ্রামের অন্যতম প্রধান বন্যাদুর্গত এলাকা সাতকানিয়া এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শনে রওনা হন। সেখানেও আজ দিনভর বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করার কথা রয়েছে দলের পক্ষ থেকে।
এই মানবিক মিশন ও ত্রাণ কার্যক্রমে বিরোধীদলীয় নেতার সাথে আরও উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহan চৌধুরী, চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম
এছাড়াও মহানগরী, জেলা ও স্থানীয় ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা ত্রাণ কার্যক্রমে অংশ নেন।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রাম জেলার বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারা ও হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। পাহাড়ি এলাকায় পাহাড়ধসের কারণে বেশ কিছু প্রাণহানির ঘটনাও ঘটেছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত শুরু না হলে এই অঞ্চলের জনজীবন আরও বড় ধরনের সংকটে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

