জয়নাল আবেদীনঃ “দশদিন চোরের একদিন গৃহস্থের ” সনাতন এই বাক্যের বাস্তব চিত্র মিলেছে রংপুরে । রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৬ হাজার পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ দু‘জনকে আটক করা হয়েছে।
রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট রংপুরে আনা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে নগরীর আরকে রোড এলাকার আইডিয়াল মোড়ে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ওপর নজরদারি শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি চৌকস দল। এদিকে দীর্ঘ সময় পর রাত সাড়ে ৮টার দিকে দু‘জন ব্যাক্তি উক্ত পার্সেল গ্রহণ কালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চৌকস দল অভিযান চালিয়ে কুরিয়ার সার্ভিসের সেই পার্সেল থেকে ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে শরীফ ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক এবং পপুলার ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি সাগরকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। শুধু তাই নয় দীর্ঘ দিন থেকে রংপুরে বেশ কয়েকটি চক্র ওষুধ কোম্পানীর চাকরির আড়ালে তারা কুরিয়ার সার্ভিস মাধ্যমে মাদকের ব্যবসা করে আসছে । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপ- পরিচালক মো. আবু জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।ওষুধের আড়ালে অভিনব কৌশলে পরিচালিত এ ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

