রাণীনগর প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে ঘরে বসে মাদক সেবনের অপরাধে রায়হান (২৫) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন এই আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রায়হান উপজেলার খট্টেশ্বর হাদীপাড়া গ্রামের আসাদ মোল্লার ছেলে। রায়হানকে রাতেই নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রায়হান নিজের ঘরে বসে মাদক সেবন করছে— এলাকাবাসীর এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ খট্টেশ্বর গ্রামে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রায়হানকে নিজ ঘরে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে সেখানেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্থানীয়দের বরাত দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান, দণ্ডপ্রাপ্ত রায়হান দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। মাদক সেবনের টাকার জন্য সে এলাকায় বিভিন্ন বাড়িতে ছোটখাটো চুরিও করতো। তার এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়েই এলাকাবাসী প্রশাসনকে অবহিত করে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

