ভাঙ্গায় উল্টে যাওয়া পিকআপের মানুষকে বাঁচাতে গিয়ে বাস চাপায় ৫ উদ্ধারকারী নিহত

0
ভাঙ্গায় উল্টে যাওয়া পিকআপের মানুষকে বাঁচাতে গিয়ে বাস চাপায় ৫ উদ্ধারকারী নিহত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। একটি ডিমবোঝাই মিনি পিকআপভ্যান উল্টে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা যখন উদ্ধারকাজে এগিয়ে আসেন, ঠিক তখনই পেছন থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার সোয়াদি নামক স্থানে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনা অভিমুখে যাওয়া একটি ডিমবোঝাই মিনি পিকআপভ্যান সোয়াদি এলাকায় পৌঁছালে আচমকা সেটির চাকা বাস্ট (ফেটে) হয়ে রাস্তার ওপর উল্টে যায়। দুর্ঘটনার পর মানবিক কারণে স্থানীয় এলাকাবাসী দ্রুত পিকআপভ্যানটি সোজা করতে এবং ভেতরে থাকা মানুষদের উদ্ধারে এগিয়ে আসেন।

ঠিক ওই মুহূর্তেই ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস পেছন থেকে উদ্ধারকারী জনতাকে সজোরে চাপা দেয়। এতে মুহূর্তের মধ্যে মহাসড়কটি রক্তাক্ত রণক্ষেত্রে পরিণত হয়।

বাসের চাপায় ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ২০ জন পথচারী ও উদ্ধারকর্মী। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত ও বিক্ষুব্ধ জনতা ঘাতক ‘নড়াইল এক্সপ্রেস’ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, “ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে যান চলাচল ব্যাহত হয়। হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধারকাজ সচল রাখতে কাজ করে যাচ্ছে।”