হরমুজে জাহাজে হামলার জের: ইরানের পরমাণু ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ‘ভয়াবহ’ বিমান হামলা

0
হরমুজে জাহাজে হামলার জের: ইরানের পরমাণু ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ‘ভয়াবহ’ বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের অভ্যন্তরে তৃতীয় দফায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে শনিবার রাতে শুরু হওয়া এই হামলা স্থানীয় সময় রোববার ভোর পর্যন্ত অব্যাহত ছিল।

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী এলাকা এবং কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই জোড়া হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় জাহাজটির একজন নাবিক নিখোঁজ হন।

সেন্টকম আরও উল্লেখ করে, বাণিজ্যিক জাহাজে আগের দফায় হামলার পর তেহরানকে সমঝোতা স্মারক (এমওইউ) মেনে চলার শেষ সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ইরান সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এই শাস্তিমূলক অভিযান শুরু হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে এক হুঁশিয়ারিতে লিখেছেন, ‘ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর মূল্য দিতে হবে।’

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আইআরজিসি নিশ্চিত করেছে যে, রোববার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে:

বুশেহর শহরের উপকণ্ঠে ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি এলাকায় কয়েকটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

পারস্য উপসাগরের বৃহত্তম এবং ইরানের অন্যতম প্রধান প্রতিরক্ষা বলয় হিসেবে পরিচিত কেশম দ্বীপেও বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। হরমুজ প্রণালির মুখোমুখি অবস্থিত বন্দর আব্বাস ও সিরিক শহরেও হামলা চালানো হয়েছে। উপকূল থেকে প্রায় ৩০০ মাইল ভেতরের শহর কেরমান এবং পাকিস্তান সীমান্তসংলগ্ন কৌশলগত চাবাহার বন্দরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

হামলার সাফাই গেয়ে আইআরজিসি এর আগে দাবি করেছিল, সাইপ্রাসের কনটেইনার জাহাজটি একটি অনুমোদনহীন ও নিষিদ্ধ রুট দিয়ে হরমুজ প্রণালি পার হচ্ছিল। নিয়ম লঙ্ঘনের কারণেই জাহাজটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।

বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন এবং দীর্ঘমেয়াদি অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।