বাংলাদেশ প্রতিবেদকঃ জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেছেন, “জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরাই বাস্তবায়িত করবো। এটাতে আমরা সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।”
শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে এই সভার আয়োজন করে।
বিরোধী দলের রাজপথের আন্দোলনের হুমকির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের বিরোধী দল থেকে বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথের ফয়সালা হবে। আমার মনে হয়, জনগণকে বিভ্রান্ত করার জন্য এ প্রশ্ন তোলা হচ্ছে। জুলাই সনদে আমরা সবাই একসঙ্গেই সই করেছি। এখন বিরোধী দল সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দিচ্ছে যে, আমরা এটা বাস্তবায়ন করতে চাই না। তারা মূলত ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।”
তিনি আরও যোগ করেন, “জুলাই সনদের বইটা যদি আপনারা পড়েন, সেখানে প্রতিটি জায়গায় বলা আছে যে, যে দল নির্বাচিত হবে তারা তাদের ম্যানিফেস্টো (ইশতেহার) অনুযায়ী তা বাস্তবায়ন করবে। আমরা আমাদের ৩১ দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনি জুলাই সনদ বাস্তবায়নেও অঙ্গীকারবদ্ধ।”
গণভোট এবং নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “যে গণভোটের কথা বলা হচ্ছে, তার একটা বড় অংশে আমাদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। বিশেষ করে উচ্চকক্ষে আনুপাতিক হারে ভোটের মাধ্যমে যে প্রতিনিধিত্বের কথা বলা হয়েছে, সেই বিষয়ে আমরা কখনই একমত হইনি। সেদিন আমি নিজেই স্টেটমেন্ট দিয়েছিলাম যে, জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। ওই সংস্কার কমিশন আমাদের কনসেন্ট (সম্মতি) ছাড়াই এই বিষয়গুলো নিয়ে এসেছে।”
সংবিধান নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দলটির এই শীর্ষ নেতা বলেন, “এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে—সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন। আমরা বরাবরই বলে এসেছি, আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনই বলিনি। জনগণ আমাদের যে ভোট দিয়েছে এবং আমাদের ম্যানিফেস্টোতে যা ছিল, সেই অনুযায়ী টু-থার্ড মেজরিটি (দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা) নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সুতরাং এই জায়গায় বিভ্রান্তির কোনো অবকাশ নেই।”
দেশের বড় বড় গণতান্ত্রিক সংস্কার বিএনপিই এনেছে উল্লেখ করে তিনি বলেন, “একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র, প্রেসিডেনশিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্ট কিংবা তত্ত্বাবধায়ক সরকারের বিধান—সবই বিএনপি পার্লামেন্টে পাস করেছে। এখন যারা মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করতে চাচ্ছেন, তাদের চেয়ে দেশের জনগণ অনেক ভালো বোঝেন।”
বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনের ত্যাগ স্মরণ করে মির্জা ফখরুল বলেন, “জুলাইয়ের আন্দোলন শুধু ওই একটি মাসের আন্দোলন নয়। দীর্ঘ ১৮-১৯ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যে লড়াই করেছি, ‘২৪-এর জুলাইয়ের আন্দোলন তারই ফলশ্রুতি। এই লড়াইয়ে বিএনপির ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় ১৭০০ নেতাকর্মী গুম হয়েছেন এবং কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এই ত্যাগকে খাটো করে দেখার সুযোগ নেই।”
স্মরণসভায় এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক অধ্যাপক আবদুল লতিফ মাসুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, এম আবদুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক এবং অধ্যাপক শেখ সাদীসহ আরও অনেকে। বক্তারা মরহুম অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের রাষ্ট্রচিন্তা ও গণতন্ত্রের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

