চন্দনাইশে ত্রাণ বিতরণী মঞ্চ ভেঙে মন্ত্রী আমির খসরু ও এমপি জসিম নিচে, পরে হুড়োহুড়িতে আহত ১২

0
চন্দনাইশে ত্রাণ বিতরণী মঞ্চ ভেঙে মন্ত্রী আমির খসরু ও এমপি জসিম নিচে, পরে হুড়োহুড়িতে আহত ১২

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে এক আকস্মিক দুর্ঘটনার মুখে পড়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানের অতিরিক্ত নেতাকর্মীর চাপে হঠাৎ একটি অস্থায়ী মঞ্চ ভেঙে মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যসহ সবাই নিচে পড়ে যান। আজ শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে দোহাজারী পৌরসভার সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

পরবর্তীতে মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর ত্রাণ নিতে গিয়ে উপস্থিত মানুষের মাঝে চরম হুড়োহুড়ি শুরু হয়। এতে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর তাঁর সঙ্গে ধারণক্ষমতার অতিরিক্ত নেতাকর্মী হুড়মুড় করে মঞ্চে উঠে পড়েন। এর কয়েক মিনিটের মধ্যেই অতিরিক্ত ওজনের ভার সইতে না পেরে হুড়মুড় করে ভেঙে পড়ে অস্থায়ী কাঠের মঞ্চটি।

মঞ্চ ভেঙে নিচে পড়ে গেলেও বড় কোনো চোট পাননি মন্ত্রী ও এমপি। এই চরম বিব্রতকর পরিস্থিতির মধ্যেও দমে যাননি অর্থমন্ত্রী। তিনি ভাঙা মঞ্চের ওপর দাঁড়িয়েই দ্রুত উপস্থিত কয়েকজন বানভাসি মানুষের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন এবং সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান সমাপ্ত করে স্থান ত্যাগ করেন।

এদিকে মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘটনাস্থল ত্যাগ করার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে। উপস্থিত মানুষের মাঝে ত্রাণ নেওয়ার জন্য তীব্র প্রতিযোগিতা ও ঠেলাঠেলি শুরু হয়। হুড়োহুড়ির একপর্যায়ে ১০ থেকে ১২ জন পদদলিত ও আহত হন।

আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—দোহাজারী বার্মা কলোনি এলাকার রাশেদা আক্তার (৬০), খাগরিয়া এলাকার আয়ুব আলী, গুচ্ছগ্রামের ঊর্মি আক্তার এবং দোহাজারী উল্লাপাড়া এলাকার আয়েশা আক্তার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান গণমাধ্যমকে বলেন, “ত্রাণ বিতরণের সময় হঠাৎ মঞ্চটি ভেঙে মন্ত্রী মহোদয়সহ উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে আল্লাহর রহমতে এতে কেউ গুরুতর আহত হননি।”

পরবর্তী বিশৃঙ্খলা ও আহত হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “মন্ত্রী মহোদয় চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে কেউ আহত হয়েছেন কিনা, সে বিষয়ে আমি বিস্তারিত অবগত নই। কারণ মন্ত্রী বিদায় নেওয়ার পরপরই অফিশিয়াল প্রটোকল অনুযায়ী আমি ঘটনাস্থল থেকে চলে এসেছিলাম।”