তাহিরপুরে মাদকচক্রে পুলিশের আঘাত, গ্রেপ্তার দুই

0
তাহিরপুরে মাদকচক্রে পুলিশের আঘাত, গ্রেপ্তার দুই

তাহিরপুর প্রতিনিধি: দীর্ঘদিন ধরে শ্রীপুর বাজারে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগ নিয়ে উদ্বেগ ছিল স্থানীয়দের মধ্যে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য অভিযোগ,বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশ এবং একাধিক মাদকবিরোধী মানববন্ধন হলেও স্থানীয়দের দাবি, দৃশ্যমান আইনগত অভিযান ছিল সীমিত।

এমন প্রেক্ষাপটে তাহিরপুর থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর মাদকবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ।দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই পরিচালিত অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।অনেকেই মনে করছেন,নিয়মিত ও নিরপেক্ষ অভিযান অব্যাহত থাকলে শ্রীপুর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণে আনা সম্ভব।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার(১৮ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে শ্রীপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪৮ হাজার ৮৫০ টাকাসহ নেকবর আলী (৪৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কালা শ্রীপুর (কুড়েরপাড়) গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। উদ্ধার হওয়া আলামত জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহিরপুর থানায় মামলা নং-২০(৭)২৬ রুজু করা হয়েছে।

একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ৪ নম্বর বড়দল উত্তর ইউনিয়নের ফকিরনগর এলাকায় নিজ বসতঘরে মাদক কেনাবেচার সময় স্থানীয়রা আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. আলমগীর (৩৫)কে ১০ পুড়িয়া গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। তিনি ফকিরনগর গ্রামের মৃত ছাদেক মিয়ার ছেলে। এ ঘটনায় তাহিরপুর থানায় মামলা নং-২১(৭)২৬ রুজু করা হয়েছে।

এদিকে, ১৯ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তিনজনকেই আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা,সাম্প্রতিক এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হলে মাদকের বিস্তার রোধে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে তারা চান, মাদকের উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত নেটওয়ার্কের বিরুদ্ধেও ধারাবাহিক ও নিরপেক্ষ অভিযান অব্যাহত থাকুক।