কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায়,সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদান কর্মসূচির আওতায় দুস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মানবিক রাষ্ট্র গঠনের অংশ হিসেবে অসচ্ছল মানুষের চিকিৎসা ব্যয় লাঘব ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হচ্ছে।
২২শে জুলাই বুধবার কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে, চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের হাতে চেক তুলে দেন, কিশোরগঞ্জ -২(কটিয়াদী – পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্তে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,কটিয়াদী মডেল থানার ওসি মো: রফিকুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সজল সরকার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এডভোকেট মোঃ জালাল উদ্দিন বলেন, “বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র ও অসহায় মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন করে যাচ্ছেন।চিকিৎসার অভাবে কোন মানুষ যেন কষ্ট না পায়, সেই লক্ষ্যেই সরকার বিভিন্ন সময় বিশেষ অনুদান ও চিকিৎসা সহায়তা প্রদান করে যাচ্ছেন। এছাড়াও আধুনিক ও মানসম্মত স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক, উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন”।
উক্ত অনুষ্ঠানে মোট আটজন অসহায় ও অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তির প্রত্যেককে চিকিৎসা সহায়তা বাবদ ১০ হাজার টাকা করে, মোট ৮০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত উপকার ভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

