২০ টাকায় মুখ বন্ধের চেষ্টা: ভোলায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

0
২০ টাকায় মুখ বন্ধের চেষ্টা: ভোলায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে হাসান নগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর এক কোমলমতি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলটির প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা গোপন রাখতে ভুক্তভোগী ওই শিশুর হাতে মাত্র ২০ টাকা গুঁজে দিয়ে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্ত শিক্ষক। পরবর্তীতে ঘটনা ধামাচাপা দিতে ১০ হাজার টাকার বিনিময়ে আপস-রফার চেষ্টা এবং অস্বীকার করায় ভুক্তভোগীর পরিবারকে মারধরের অভিযোগে সাবেক ইউপি সদস্য মো. বাচ্চুকেও (৫০) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে বোরহানউদ্দিন থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

গত ১৬ জুলাই দুপুরে ক্লাস শেষে বাড়ি ফেরার সময় প্রধান শিক্ষক মহিউদ্দিন কৌশলে শিশুটিকে বিদ্যালয়ের তিন তলার একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে না জানাতে ২০ টাকা ধরিয়ে দিয়ে ভয়ভীতি দেখায়।

বাড়িতে ফেরার পর শিশুটির স্বাভাবিক হাঁটাচলায় ব্যাঘাত দেখে স্বজনদের সন্দেহ হয়। জিজ্ঞাসা করা হলে শিশুটি তার ওপর চালানো নির্যাতনের কথা প্রকাশ করে।

বিচার চেয়ে পরিবার প্রথমে স্থানীয় সাবেক ইউপি সদস্য বাচ্চুর দ্বারস্থ হয়। তবে মঙ্গলবার রাতে সাবেক এই ইউপি সদস্য উল্টো ১০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি চেপে যাওয়ার প্রস্তাব দেয়। পরিবার এতে রাজি না হওয়ায় বাচ্চু মেম্বার ও তার সহযোগীরা ভুক্তভোগীর স্বজনদের ওপর হামলা ও মারধর চালায়।

কোনো চাপে নতিস্বীকার না করে ভুক্তভোগী শিশুর দাদি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ও তার সহযোগী বাচ্চু মেম্বারকে গ্রেফতার করে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “গ্রেফতারকৃত প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যকে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির চিকিৎসা ও মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া গুরুত্বের সঙ্গে চলমান রয়েছে।”