মহিপুরের হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব

0
মহিপুরের হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ মজিবুর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সালেক (৪০) ও মো. ছারোয়ার (৩৫) কে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ সদস্যরা। আজ (রবিবার) র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ২৪ জুলাই ২০২৬ ইং তারিখ র‍্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ ক্যাম্প এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জুলকুড়ি উত্তরপাড়া এলাকা হতে হত্যা মামলার পলাতক অভিযুক্ত সালেক, পিতা- মৃত মোজাহার, সাং- নয়াকাটা, থানা- মহিপুর এবং ২৫ জুলাই ২০২৬ইং তারিখ র‍্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর সহায়তায় ঢাকা জেলার গুলশান থানাধীন আজাদ মসজিদ এলাকা হতে অভিযুক্ত মো. ছারোয়ার, পিতা-ইউনুচ মিয়া, সাং-নয়াকাটা, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা যায়,পটুয়াখালীর মহিপুর থানার অভিযুক্ত মো. সালেক ও মো. ছারোয়ার সহ অন্যান্য অভিযুক্তদের সাথে ভিকটিম হারিচ আহম্মদ ওরফে মজিবুর (৬৫) এর জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। গত ১৯ জুলাই ২০২৬ তারিখ সকাল অনুমান ১০:১৫ ঘটিকায় অভিযুক্তরা ভিকটিমের ভোগ দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করে। ভিকটিম অভিযুক্তদের জমি চাষাবাদ করতে নিষেধ করার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই অভিযুক্তগণ দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমকে রক্তাক্ত জখম করে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে বরগুনা জেলার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২০ জুলাই ২০২৬ তারিখ রাত অনুমান ০২:০০ ঘটিকায় ভিকটিমকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে পটুয়াখালীর মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মহিপুর থানার ওসি মো. শামিম হাওলাদার বলেন,র‍্যাব-৮ এর হাতে গ্রেফতারকৃত আসামিদের মধ্যে একজনকে ঢাকা থেকে নিয়ে এসে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে। অন্যজনকে ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে।