তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা,রক্তি ও পাঠলাই নদীতে বিআইডব্লিউটিএ ও টুল-ট্যাক্সের নামে চাঁদাবাজির অভিযোগ তুলে আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে যাদুকাটা ব্যবসায়িক শ্রমিক সমিতি ও নৌ-পরিবহন মালিক সমিতি।
রোববার (২৬ জুলাই) সকালে যাদুকাটা নদীর তীরে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে মানববন্ধনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে ব্যবসায়ী, নৌযান মালিক, শ্রমিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,যাদুকাটা,রক্তি ও পাঠলাই নদীপথে দীর্ঘদিন ধরে বিআইডব্লিউটিএ ও টুল-ট্যাক্সের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এতে নৌযান মালিক,ব্যবসায়ী ও শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তারা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন।তাদের ঘোষণায় বলা হয়,আগামী মঙ্গলবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত যাদুকাটা ও পাঠলাই নদীপথে সব ধরনের নৌযান চলাচল,বালু-পাথরসহ সকল প্রকার পণ্য পরিবহন এবং লোড-আনলোড কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন,এই নদীপথ দিয়ে প্রতিদিন শত শত নৌযান চলাচল করে এবং হাজারো শ্রমিক জীবিকা নির্বাহ করেন। অতিরিক্ত টোল আদায়ের কারণে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে, পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে এবং এর নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে।তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত হস্তক্ষেপ,অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান তারা।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট ইজারাদারের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

