শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৫টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল সহ আন্ত:জেলা চোর চক্রের ৩ জনকে আটক করেছে। শনিবার (২৫ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, উদ্ধার করা চোরাই মোটরসাইকেলগুলি থানা হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃত চোরেরা হল, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি গ্রামের মোঃ জামাত প্রামানিকের ছেলে মোঃ মনিরুল ইসলাম (২৯), বাড়াবিল উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে মোঃ রায়হান হোসেন (২৪) এবং মোঃ দুলাল হোসেনের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৩০)। উদ্ধারকৃত মোটরসাইকেল গুলোর মধ্যে একটি কালো রংয়ের ১৫০ সিসির (১ ডিস্ক) পালসার, একটি লাল রংয়ের ১৫০ সিসির (১ ডিস্ক) পালসার, একটি কালো রংয়ের ১৫০ সিসির (২ ডিস্ক) পালসার, একটি ১৫০ সিসির সুজুকি জিকজার এবং একটি লাল রঙের ১০০ সিসির প্লাটিনা রয়েছে।
গতকাল রোববার (২৬ জুলাই) আটককৃতদের শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

