প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আশার আলো: শিল্পে গ্যাস সংকট সমাধানের প্রতিশ্রুতি, বন্ধ কারখানার তালিকা চায় সরকার

0
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আশার আলো: শিল্পে গ্যাস সংকট সমাধানের প্রতিশ্রুতি, বন্ধ কারখানার তালিকা চায় সরকার

বাংলাদেশ প্রতিবেদক: দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে দীর্ঘদিন ধরে চলা তীব্র গ্যাস সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত সরকারের ভুল নীতি ও সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে শিল্পখাতে আজকের এই করুণ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা।

আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ব্যবসায়ী প্রতিনিধিদের একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

বৈঠকের বিষয়ে বিটিএমএ সভাপতি জানান, শিল্পে জ্বালানি সংকট, বিশেষ করে টেক্সটাইল খাতের বর্তমান নাজুক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত শুনেছেন প্রধানমন্ত্রী। সরকারের আন্তরিক দৃষ্টিভঙ্গি এবং সংকট নিরসনে ইতিবাচক মনোভাব দেখে উদ্যোক্তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস ও উৎসাহ পাচ্ছেন।

শওকত আজিজ রাসেল অভিযোগ করে বলেন, “অতীতের অপশাসন ও ভুল নীতির কারণে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়নি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ায় আজকে শিল্প খাত ভয়াবহ গ্যাস সংকটে ভুগছে।”

তিনি আরও যোগ করেন, “বর্তমান সরকার শিল্প খাতকে যে অগ্রাধিকার দিচ্ছে, গত ১৭ বছর যদি এই মনোযোগের সামান্যতমও পাওয়া যেত, তবে দেশের অর্থনীতিকে আজ এমন দুরবস্থার মুখোমুখি হতে হতো না।”

বৈঠকে গ্যাস সংকট ও অর্থনৈতিক মন্দার কারণে যেসব কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর বিস্তারিত চিত্র জানতে চেয়েছে সরকার। উদ্যোক্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর বর্তমান অবস্থা এবং ঠিক কোথায় কতটুকু নীতিগত বা আর্থিক সহযোগিতা প্রয়োজন—তা নির্দিষ্ট করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে।

উদ্যোক্তারা আশা করছেন, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালুর জন্য সরকারের এই উদ্যোগ দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে এবং কর্মসংস্থান সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।