শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী: ‘প্রস্তুত ছিলাম’ বলে প্রতিক্রিয়া

0
শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী: ‘প্রস্তুত ছিলাম’ বলে প্রতিক্রিয়া

বাংলাদেশ প্রতিবেদকঃ ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-২ সম্প্রতি শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলাটি আমলে নেয় এবং লতিফ সিদ্দিকীসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওই পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাবেক এই সভাপতিমণ্ডলীর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের মাত্র কয়েক ঘণ্টা আগে বুধবার সকালে ঢাকার নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন লতিফ সিদ্দিকী। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সকালে আমাকে জানানো হয়েছে যে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ যদি আদালতে না আসতাম, তবে মনে করা হতো আমি আত্মগোপনে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না, সব সময় আত্মপ্রকাশ করতে চাই। সে কারণেই পরোয়ানার খবর জেনেও আদালতে এসেছি।”

তিনি আরও যোগ করেন, “পুলিশ যদি আমাকে গ্রেপ্তার না করে, তবে আগামী রোববার বা সোমবার নিজেই ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করব।” গ্রেপ্তারের ব্যাপারে তিনি পূর্বে প্রস্তুত ছিলেন জানিয়ে বলেন, “আমার গাড়িতে ব্যাগ গোছানো আছে, লেখালেখির জন্য খাতা-কলমও সঙ্গে রেখেছি।” এসময় তিনি হাস্যমুখে উপস্থিতি অনেকের হাতে চকলেট তুলে দেন।

শাপলা চত্বরের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে তৎকালীন এই মন্ত্রী বলেন, “আমি সে সময় সরকারের মন্ত্রী ছিলাম ঠিকই, তবে শাপলা চত্বরের ঘটনা বা তৎকালীন প্রশাসনিক কোনো সিদ্ধান্তের বিষয়ে আমি কিছুই জানতাম না।”

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বহু হতাহতের ঘটনা ঘটে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করা হয়, যেখানে লতিফ সিদ্দিকীর নাম ১০ নম্বর তালিকায় রয়েছে। ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে গ্রেপ্তারকৃত আসামিদের যথাসময়ে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।