
আজকের ডেস্কঃ দেশে সম্ভাব্য ভূমিকম্প মোকাবিলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করতে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, একটি জাতীয় টাস্কফোর্স গঠন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চপর্যায়ের ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি উদ্ধারকাজ ও সার্বিক প্রস্তুতি জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্ধার তৎপরতা ও জরুরি সেবা নিশ্চিত করতে ১ লাখ স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবকের তথ্য যুক্ত করা হবে।
এছাড়া সভায় গৃহীত ও আলোচিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে দুর্বিপাকের সময় দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা শহরে ‘হিউম্যানিটেরিয়ান স্ট্যাগিং এরিয়া’ (এইচএসএ) বা বিশেষ লজিস্টিক হাব স্থাপনের পরিকল্পনা। দুর্যোগকালীন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ। ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম সরবরাহের রোডম্যাপ ও প্রস্তুতি।
উচ্চপর্যায়ের এই সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
