বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাল সনদে চাকরি অবশেষে সাময়িক বরখাস্ত

0
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাল সনদে চাকরি অবশেষে সাময়িক বরখাস্ত

জয়নাল আবেদীন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানার জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।তিনি বলেন, সনদ যাচাইয়ে জাল সনদ ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। এ কারণে সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া যাদের বিরুদ্ধে জাল সনদ ব্যবহারের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়োগের সময় শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সনদ জমা দেন। পরবর্তীতে সনদের সত্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার কাছে চিঠি পাঠায়।জবাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সোহেল রানার নামে তারা কোনো স্নাতক বা স্নাতকোত্তর সনদ ইস্যু করেনি। এরপর তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, জাল সনদ ব্যবহার সংক্রান্ত অন্যান্য অভিযোগও যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।