মালয়েশিয়ার শ্রমবাজারঃ আগস্টের শেষে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যাচ্ছেন নতুন কর্মী

0
অনিশ্চয়তার অবসান: আগস্টের শেষে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যাচ্ছেন নতুন কর্মী

বেল্লাল হোসেন মালয়েশিয়া থেকেঃ মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে দীর্ঘদিনের যে জটিলতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে নতুন কর্মীদের মালয়েশিয়া যাত্রা শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ খবর জানান। এ সময় সেখানে সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, সরকারি সংস্থা ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ (বোয়েসেল)-এর মাধ্যমে অত্যন্ত স্বল্প খরচে কর্মী পাঠানোর এই নতুন কার্যক্রম পরিচালিত হবে। নিয়োগের পুরো প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও জানান, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং কর্মী পাঠানোর সার্বিক প্রক্রিয়া দ্রুত শেষ করতে দুই দেশের নীতি নির্ধারক পর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে। শ্রমবাজারকে যেকোনো ধরনের সিন্ডিকেটের প্রভাবমুক্ত রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, যাতে সাধারণ ও প্রান্তিক কর্মীরা কম খরচে এবং নিরাপদে মালয়েশিয়ায় গিয়ে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।