অপরাধমুক্ত তাহিরপুর গড়ার অঙ্গীকার, আইনশৃঙ্খলা সভায় কঠোর সিদ্ধান্ত

0
অপরাধমুক্ত তাহিরপুর গড়ার অঙ্গীকার, আইনশৃঙ্খলা সভায় কঠোর সিদ্ধান্ত

তাহিরপুর প্রতিনিধি: মাদক,চাঁদাবাজি, জুয়া, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত একটি নিরাপদ তাহিরপুর গড়ে তোলার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা। সভায় অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধ, জুয়া নিয়ন্ত্রণ, ইভটিজিং রোধ, পর্যটন এলাকার নিরাপত্তা, খেয়াঘাটের শৃঙ্খলা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন,তাহিরপুরে মাদক, চাঁদাবাজি,জুয়া ও সন্ত্রাসের কোনো স্থান নেই। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন,যুবসমাজকে মাদক ও জুয়ার ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। ইভটিজিং ও নারী হয়রানির মতো অপরাধ প্রতিরোধে পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক কারবারি,চাঁদাবাজ,জুয়াড়ি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধী আইনের ঊর্ধ্বে নয়। জনগণের সহযোগিতা পেলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান মানিক বলেন,উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক, চাঁদাবাজি, জুয়া,ইভটিজিংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে পর্যটন এলাকা, বাজার ও খেয়াঘাটে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। অপরাধমুক্ত ও নিরাপদ তাহিরপুর গড়তে প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,রাখাব উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ,শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার,বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।