সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িবহরে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও থমথমে পরিস্থিতি

0
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িবহরে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও থমথমে পরিস্থিতি

সিলেট ব্যুরোঃ সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতুর বহরে থাকা একাধিক গাড়িতে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একইসঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের বহনকারী গাড়ির ওপরও এই অতর্কিত হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা পৌনে তিনটার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়াম প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদ পরিবারের সদস্যদের সাথে এনসিপির একটি মতবিনিময় ও সাক্ষাৎ সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষ করে ফেরার পথেই এই হামলার মুখে পড়েন নেতারা।

এনসিপির জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শিব্বির আহমদ এবং স্থানীয় নেতাদের বর্ণনা অনুযায়ী, সভা শেষ করে সারজিস আলম, সংসদ সদস্য মাহমুদা মিতু ও আতিকুর রহমান মোজাহিদকে নিয়ে গাড়িবহরটি অডিটোরিয়াম এলাকা ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই একদল উগ্র সন্ত্রাসী চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। ‘ভুয়া ভুয়া’ হট্টগোল ও স্লোগান দেওয়ার পাশাপাশি পুরো বহর লক্ষ্য করে একযোগে শক্ত কোমল পানীয়র বোতল ও ইটপাটকেল ছুড়ে মারা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ শুরু হওয়া এই হামলায় সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের কাচ একদম ভেঙে চুরমার হয়ে যায়। একই বহরে থাকা শহীদ পরিবারের সদস্যদের বহনকারী সাতটি গাড়িও সন্ত্রাসী আক্রমণের শিকার হয়। এতে মুহূর্তের মধ্যে পুরো অডিটোরিয়াম প্রাঙ্গণে তীব্র আতঙ্ক, উত্তেজনা ও অস্থিরতা ছড়িয়ে পড়ে।

হামলার সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশি নিরাপত্তায় সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী দুমড়েমুচড়ে যাওয়া গাড়িগুলো উদ্ধার করে সিলেটের দিকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের নিশ্চিত তথ্য মেলেনি এবং পুলিশের পক্ষ থেকেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে প্রকাশ্য দিবালোকে ও পুলিশের সামনে এমন ধৃষ্টতাপূর্ণ হামলায় ক্ষোভে ফুসে উঠছেন স্থানীয় ছাত্র-জনতা ও এনসিপির নেতাকর্মীরা।

এর আগে অডিটোরিয়ামে আয়োজিত অত্যন্ত আবেগঘন ঐ মতবিনিময় সভায় গোলাপগঞ্জের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের স্বজনেরা এবং এনসিপির কেন্দ্র ও স্থানীয় সারির শীর্ষ নেতারা অংশ নিয়েছিলেন। শ্রদ্ধা ও স্মৃতির এই আবহকে আচ্ছন্ন করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি স্থানীয়দের।